অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, পিছু হটল বিআইডব্লিউটিএ

ডেমরা সেতু বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাধা ও পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অভিযান শেষ না করেই সেখান থেকে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সকাল ১০টায় একটি অবৈধ ডক ইয়ার্ডের উচ্ছেদ কার্যক্রম শুরু করে। সাড়ে ১০টার দিকে ডক ইয়ার্ডের মালিকপক্ষের হয়ে সিরাজুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি দলবল নিয়ে উচ্ছেদে অংশ নেওয়া বিআইডব্লিউটিএর শ্রমিকদের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় ব্যাপক সংঘর্ষে উচ্ছেদকাজে নিয়োজিত বিআইডব্লিউটিএ ঢাকা বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহসহ ১০ জন শ্রমিক গুরুতর আহত হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল এবং সারোয়ার আলম সালেহীনের নেতৃত্বে শীতলক্ষ্যা নদী দখলকারীদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। সংঘর্ষে আহত মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, উচ্ছেদ অভিযানে হট্টগোলের আশঙ্কায় তারা আগে থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পুলিশি সহায়তা চান। কিন্তু এ ব্যাপারে পুলিশের কোনো প্রকার সাহায্য না পেয়ে তাঁরা ১০ জন আনসার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন। এর আগে সকালে তাঁরা দুটি বালুর গদি উচ্ছেদ করেন। এ ছাড়া নদী দখলকৃত স্থাপনা হিসেবে একটি একতলা বাড়ি এবং একটি দোতলা বাড়ি ভেঙে ফেলেন। তিনি বলেন, নিরাপত্তার অভাবে বেলা পৌনে দুইটার দিকে তাঁরা উচ্ছেদ অভিযান বন্ধ করে দেন।