রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শনিবার সিলেট রেলস্টেশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি রেলস্টেশন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাদক-বাণিজ্য বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেন।গতকাল বিকেলে আকস্মিকভাবে রেলস্টেশন পরিদর্শনে যাওয়ার পথে রেলস্টেশনে ঢোকার মুখে একটি চায়ের দোকানের সামনে গাড়ি থেকে নেমে পড়েন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় তিনি ওই চায়ের দোকানদার মইনুদ্দিনের সঙ্গে কথা বলেন। মন্ত্রী তাঁর কাছে জানতে চান, দোকান বৈধ কি না? দোকানদারকে মন্ত্রীর জিজ্ঞাসা, দোকানের জন্য কাকে কত টাকা ভাড়া দিতে হয়? জবাবে মইনুদ্দিন বলেন, অবৈধভাবে এ দোকান বসানো হয়েছে। পরে মন্ত্রী ওই দোকানদারসহ অবৈধভাবে বসানো অন্যান্য দোকানের মালিককে সেখান থেকে সরে যেতে বলেন।এ সময় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘রেল যোগাযোগ আধুনিক করতে হলে সবার আগে প্রয়োজন পরিবেশ সুন্দর করা। অবৈধ দোকান স্থাপনার সঙ্গে অবৈধ সব কিছু সংশ্লিষ্ট থাকে।’এরপর রেলমন্ত্রী স্টেশনের আশপাশ পরিদর্শন করেন। এ সময় তিনি রেলস্টেশনের শৌচাগারেও যান। শৌচাগার দেখে তাঁর মন্তব্য, ‘খবর পেয়ে বুঝি একটু আগেই পরিষ্কার করা হলো!’প্লাটফরম ও রেল কলোনি ঘিরে মাদক-বাণিজ্য সম্পর্কেও খোঁজখবর নেন সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় রেলমন্ত্রী বলেন, ‘রেল হচ্ছে মধ্যবিত্তদের যোগাযোগের বাহন। কিন্তু স্টেশনগুলোতে অবৈধ দখলদার আর মাদকের অবাধ হাট থাকায় রেলের প্রাণ মধ্যবিত্তরা রেলবিমুখ হয়ে পড়েছেন। মধ্যবিত্তদের রেলে ফেরাতে আমার চেষ্টা থাকবে।’ বিকেল সাড়ে তিনটা থেকে পৌনে চারটা পর্যন্ত রেলস্টেশনের আশপাশ পরিদর্শন শেষে রেলমন্ত্রী স্টেশনের ভেতরে রেস্ট হাউসে রেল কর্মকর্তা, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল রেলমন্ত্রীকে বলেন, এ ব্যাপারে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স সভা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করবে।মাদক-বাণিজ্য প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এজাজ আহমদ ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত বলেন, রেলস্টেশনের প্রধান সমস্যা মাদকের বিকিকিনি। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সিলেট রেলস্টেশনের সৌন্দর্য ফেরাতে হলে তিনটি সমস্যা: মাদক, অবৈধ স্থাপনা ও অসামাজিক কার্যকলাপ চিরতরে বন্ধ করতে হবে।’ এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেন।রেলমন্ত্রীর রেলস্টেশন পরিদর্শনের সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।