অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ পরিবেশমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে সৈকত দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভ্রমণকারী পর্যটকের কাছ থেকে ইকো-ট্যাক্স চালুর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল রোববার সেন্ট মার্টিন পরিদর্শন শেষে তিনি জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনকে এ নির্দেশ দেন।হাছান মাহমুদ সকালে শাহপরীর দ্বীপ জেটি থেকে স্প্রিডবোটযোগে বেলা ১১টায় সেন্ট মার্টিন পৌঁছে দ্বীপের সৈকতে গড়ে ওঠা স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করতে হবে। এর জন্য তিনি সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম, কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) আবদুল খালেক, কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) বিপুল কৃষ্ণদাশ, সহকারী পুলিশ সুপার উত্তম কুমার পাল প্রমুখ।