অবৈধ স্থাপনা উঠছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট উচ্চবালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা পরিষদের রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। এই নির্মাণকে অবৈধ, অন্যায়, বেআইনি ও জনস্বার্থবিরোধী দাবি করে দামুড়হুদার সহকারী জজ আদালতে মামলার পরও কাজ বন্ধ করা হয়নি।
দামুড়হুদা খাঁ পাড়ার বাসিন্দা আইনজীবী আবু তালেব বাদী হয়ে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থাপনা নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ২ জুলাই দামুড়হুদার সহকারী জজ আদালতে একটি মামলা করেন।
মামলায় বলা হয়েছে, দামুড়হুদার ৬৩ নম্বর দশমী মৌজার আরএস ০৭ নম্বর খতিয়ানের ৪৮৪ দাগের ১০ একর ১০ শতক জমি জেলা পরিষদের নামে রেকর্ডভুক্ত। এই জমির ওপর দিয়ে সারা দেশের সঙ্গে জেলাবাসীর যোগাযোগের (রাস্তা) সুবিধা আছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এসএমসি সভাপতি প্রধান শিক্ষকের সঙ্গে যোগসাজশ করে ছয় হাজার ৬০ ফুট জায়গায় বেআইনিভাবে পাকা দোকানঘর নির্মাণ করছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শ্রমিকদের নির্মাণকাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ সময় সেখানে উপস্থিত বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেন বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। তবে, কোনো নোটিশ হাতে পাইনি।’ তিনি দাবি করেন, স্থাপনা নির্মাণের জায়গাটি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি; জেলা পরিষদের নয়।
দামুড়হুদা সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী জহুরুল ইসলাম জানান, ২৪ জুলাই বুধবার বিবাদী তিনজনকেই আদালতের নোটিশ বুঝে নিয়েছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবীরুল হাসান নোটিশপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, আইনজীবীর মাধ্যমে নোটিশের জবাবের প্রস্তুতি চলছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই নির্মাণকাজ কখনই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।