ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি। এর ফলে বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় প্রায় যানজটের সৃষ্টি হয়। ঈদে অতিরিক্ত যানবাহনের চাপে সেই জট আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
অতীতে বিভিন্ন সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, মহাসড়কগুলোর পাশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের ক্ষেত্রে তাঁর কথার কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি।
একাধিক সূত্রে জানা যায়, মহাসড়কের পাশের জায়গা দখল করে বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় দোকানপাট ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা এসব স্থাপনা থেকে উৎকোচ নেন বলে অভিযোগ।
জেলা ট্রাফিক পুলিশ, যাত্রী ও পরিবহনের মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে ১৫টির মতো বাসস্ট্যান্ড রয়েছে। এর মধ্যে বারবাড়িয়া, নয়াডিঙ্গি, গোলড়া, সদর, তরা, বানিয়াজুরী, পুখুরিয়া, মহাদেবপুর, বরঙ্গাইল, ফলসাটিয়া, টেপড়া ও উথলী বাসস্ট্যান্ডে নিয়মিত যাত্রী ওঠানো-নামানো হয়। এসব বাসস্ট্যান্ড ঘিরে মহাসড়কের জায়গা দখল করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নানা স্থাপনা গড়ে তুলেছেন। ফলে মহাসড়কের পাশে যানবাহন রাখার মতো জায়গা হয় না। এ কারণে মহাসড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ও মালামাল ওঠানো-নামানো করে যানবাহনগুলো। এতে বাসস্ট্যান্ড এলাকাগুলোয় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। ঈদে অতিরিক্ত যানবাহনের চাপে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
জেলা সওজ সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ৪৭টি গতিরোধক ছিল। ঈদ সামনে রেখে সাভারের নবীনগর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৩৮টি গতিরোধক অপসারণ করা হয়েছে। এগুলো অপসারণ না করলে গাড়ির ধীরগতির কারণে ঈদে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। এ ছাড়া মহাসড়কের খানাখন্দগুলোও সংস্কার করা হয়েছে।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অজ্ঞান পার্টি, পকেটমার, ডাকাতিসহ নানা উপদ্রব রোধে প্রতিটি বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ, আনসার, র্যা ব ও কমিউনিটি পুলিশ দায়িত্ব পালন করবে। মহাসড়কে বিকল হয়ে যাওয়া গাড়িগুলোকে তাৎক্ষণিকভাবে সরাতে পুলিশের র্যা কার রয়েছে। যানজট নিরসনে নিয়োজিত থাকবে পাঁচ শতাধিক পুলিশ সদস্য।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক বলেন, ইতিমধ্যে বিভিন্ন সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি আলোচনা হয়েছে। ঈদে যানজট হতে পারে—এমন এলাকায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।