পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পুরোনো হাসপাতালের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধ হয়নি। কোনো অনুমতি বা বন্দোবস্ত না নিয়েই স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যবহার করে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। স্থানীয় প্রশাসন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না।এই জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতারা। প্রথম আলোকে তাঁরা জানান, ওই স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। ওই জায়গা দখল হলে সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হবে।কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ জমিতে স্বাস্থ্য বিভাগের দ্বিতল একটি ভবন, পেছনে পুকুর ও কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স শহরের পশ্চিম দিকের নতুন ভবনে স্থানান্তর করার আগে এখানেই সব কার্যক্রম পরিচালনা করা হতো।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম জাহিরুল হাসান জানান, হাসপাতালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণকাজ অব্যাহত রাখায় ১০ মে সিভিল সার্জনকে জানিয়ে একটি পত্র পাঠানো হয়েছে।ওই পত্রে আরও উল্লেখ রয়েছে, সর্বশেষ দিয়ারা জরিপেও পুরোনো হাসপাতালের নামে এক একর ৭৫ শতাংশ জমি রেকর্ডভুক্ত হয়েছে। জমি দখলে নেওয়ার উদ্দেশ্যে ৭ মে থেকে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ওই দিনই এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় বলেন, বিষয়টি স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকসহ পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের অন্য কর্মকর্তাদের জানানো হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, ‘অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে জেলা প্রশাসকের নির্দেশের কথা আমি নিজে কানুনগো সাহেবকে সঙ্গে নিয়ে গিয়ে সংশ্লিষ্টদের বলেছি। তাঁরা সেই নির্দেশও মানছেন না। বিষয়টি আবারও গত রোববার জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়ে জানানো হয়েছে। এখন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ রইল না।’উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বদিউর রহমান বন্টি বলেন, ‘যেহেতু পাশেই মুক্তিযোদ্ধা মার্কেট, আর এই জমিও সরকারি; তাই বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেছি। স্থাপনা নির্মাণ বন্ধের জন্য আমরা এখনো কোনো লিখিত নির্দেশ পাইনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বলেন, ‘কলাপাড়া পুরোনো হাসপাতালের জমি সরকারের খাস খতিয়ানের সম্পত্তি। সেখানে বিনা অনুমতিতে অন্য কারও পাকা স্থাপনা নির্মাণ অবৈধ। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’এই অবৈধ স্থাপনা বন্ধের দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের উপজেলা কমিটির সভাপতি শামসুল আলম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সহসভাপতি রফিক বিশ্বাস, মানিকমালা খেলাঘর জাতীয় পরিষদের সদস্য মেঘনাথ সাহা, কলাপাড়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক জীবন কুমার মণ্ডলসহ আরও অনেকে।প্রথম আলোর পৃষ্ঠা ৪-এ ‘সরকারি জমিতে অবৈধ স্থাপনা’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ১২ মে প্রকাশিত হয়।