অবৈধ স্থাপনা পেলেই উচ্ছেদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, নগরের জলাবদ্ধতা নিরসনে খাল ও নদী খনন, পাড় বাঁধাইসহ নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে৷ সরকারি সম্পত্তিতে অবৈধ দখল আছে কি না, তা সংশ্লিষ্ট দপ্তরের জরিপকারীর মাধ্যমে নিরূপণ করা হচ্ছে। অবৈধ স্থাপনা পাওয়া গেলে অবশ্যই উচ্ছেদ করা হবে৷
গতকাল শনিবার বেলা ১১টায় নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘জনগণের মুখোমুুিখ জনপ্রতিনিধি’ শীর্ষক এক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন৷
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, নাগরিক ফোরাম-খুলনা, রূপান্তর ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেয়র বলেন, নগরবাসীর চাহিদার আলোকে সিটি করপোরেশন এলাকা সম্প্রসারিত করে বর্ধিত এলাকায় পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক, বাজার ইত্যাদি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে৷ আটরা-গিলাতলা, বিলপাবলা, মাথাভাঙ্গাসহ বিভিন্ন এলাকা কেসিসির অধিভুক্ত রেখে এই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে৷ অধিকতর নাগরিক সেবা প্রদানে কেসিসি সব সময় সচেষ্ট৷ তাই নাগরিক সেবার ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে৷
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, অধিকতর নাগরিক সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার৷ মাদক নিরাময়, যানজট নিরসনসহ বিভিন্ন কর্মকাণ্ডে কেসিসি সমন্বয়কের ভূমিকায় থাকলে সামাজিক সংকট দ্রুত নিরসন সম্ভব।
সচেতন নাগরিক কমিটি, খুলনার সভাপতি বেগম ফেরদৌসী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা উমা চৌধুরী, নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির প্রমুখ৷
অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের সেবা-সংক্রান্ত সিটিজেন রিপোর্ট কার্ড জরিপ প্রতিবেদন তুলে ধরেন টিআইবির কর্মকর্তা মো. খুরশীদ আলম৷