অবৈধ স্থাপনা ভাঙতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আইনবহির্ভূতভাবে গড়ে তোলা সব স্থাপনা রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। একই সঙ্গে প্রতিবেশ-সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত দ্বীপটিতে ক্ষতিকর বাণিজ্যিক পর্যটন নিয়ন্ত্রণ ও রোধে প্রয়োজনীয় বিধিবিধান ছয় মাসের মধ্যে তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র জানায়, ১৯৯৯ সালে দ্বীপটিকে প্রতিবেশ-সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দ্বীপটিতে নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা স্থাপনা ভেঙে ফেলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করে। প্রাথমিক শুনানির পর ওই বছরের ১৮ অক্টোবর আদালত রুল জারি করেন। রুলে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।ইকবাল কবির প্রথম আলোকে বলেন, শুনানি শেষে আদালত রুল নিষ্পত্তি করে রায় দিয়েছেন। এ ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে সব ধরনের অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।