অবৈধ স্থাপনা ভাঙল সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ক্লাব মাঠে গড়ে ওঠা অ​ননুমোদিত স্থাপনা উচ্ছেদে গতকাল অ​িভযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন৷ বিকেলে চলা এ অভিযানে মাঠের পশ্চিম পাশের দুটি ঘর ভেঙে ফেলা হয় l ছবি: প্রথম আলো
ধানমন্ডি ক্লাব মাঠে গড়ে ওঠা অ​ননুমোদিত স্থাপনা উচ্ছেদে গতকাল অ​িভযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন৷ বিকেলে চলা এ অভিযানে মাঠের পশ্চিম পাশের দুটি ঘর ভেঙে ফেলা হয় l ছবি: প্রথম আলো

ধানমন্ডি খেলার মাঠে ধানমন্ডি শেখ জামাল ক্লাবের অবৈধভাবে স্থাপন করা দুটি ঘর গতকাল রোববার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই মাঠ ডিএসসিসির নিয়ন্ত্রণাধীন।
হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী ডিএসসিসির নির্বাহী হাকিম কবীর মাহমুদ। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, প্রকৃত ক্রীড়াসংশ্লিষ্ট স্থাপনা ছাড়া বাকি স্থাপনা ভেঙে ফেলার বিষয়ে ২০১১ সালে রায় দিয়েছিলেন হাইকোর্ট। মাঠে অবৈধ স্থাপনা ধ্বংস এবং মাঠ সবার জন্য খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত ব্যক্তিরা অভিযোগ করেছেন, ডিএসসিসির এই অভিযান অসম্পূর্ণ। মাঠের নতুন নির্মাণ করা তিনটি ঘর ও নির্মাণাধীন ক্রীড়া স্থাপনা ধ্বংস করা হয়নি।
গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে কবীর মাহমুদের নেতৃত্বে সিটি করপোরেশনের একটি দল এই স্থাপনা উচ্ছেদ করতে আসে। তারা মাঠে ক্রীড়াসংশ্লিষ্ট স্থাপনার বাইরের দুটি ঘর নির্দিষ্ট করে। ঘর দুটিতে মাঠের নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিকেরা থাকতেন। করপোরেশনের এক কর্মী হ্যান্ডমাইকে সবাইকে বের হয়ে আসতে বলেন। ঘোষণার পর ঘর দুটির মালপত্র সরিয়ে নেওয়া হয়। এরপর বুলডোজার দিয়ে ঘর দুটি ভেঙে ফেলা হয়। আধা ঘণ্টা ধরে চলে এই ভাঙচুর। মাঠের আরও তিনটি নবনির্মিত ঘরে থাকেন খেলোয়াড়েরা। সেগুলো ভাঙা হবে না বলে ক্লাবের কর্মকর্তাদের আশ্বস্ত করেন ডিএসসিসির কর্মকর্তারা। এ সময় খেলোয়াড়েরা কেউ ছিলেন না। ক্লাবের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আবাহনী মাঠে তাঁরা খেলতে গেছেন।
অভিযানের শেষ দিকে ক্লাবের কয়েকজন কর্মকর্তা ডিএসসিসির কর্মকর্তাদের সঙ্গে বচসা শুরু করেন। লাল গেঞ্জি পরিহিত এক কর্মকর্তা উপস্থিত পুলিশকে ধমকাতে থাকেন। বলতে থাকেন, ‘কে আপনাদের অনুমতি দিয়েছে এখানে আসার?’ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এখানে এসেছেন—পুলিশের ওই কর্মকর্তার এ কথায় ওই ব্যক্তি বলতে থাকেন, ‘এই মাঠ কার নামে জানেন? এটা মনে রাইখেন।’ ক্লাবের এই কর্মকর্তার নাম জিজ্ঞেস করতে গেলে তিনি এক প্রতিবেদককে ধমক দিয়ে বলেন, ‘এখানে সাংবাদিক ক্যান, অ্যাই কিসের সাংবাদিক অ্যারা? এখানে িক মজা দেখতাছেন?’
ধানমন্ডি মাঠে সিটি করপোরেশনের অভিযানকে অসম্পূর্ণ আখ্যা দিয়েছেন ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম নেতা স্থপতি মোবাশ্বের হোসেন। তিনি বলেন, মাঠের ফটকের পাশের তিনটি ঘর তৈরি করা হলে আমরা রিট করেছিলাম। আদালতের রায়ের পর সেখানে আরও তিনটি ঘর করা হয়। আগের ঘরগুলো এখনো রয়ে গেছে। এখানে আদালতের রায়ের পরিপূর্ণ বাস্তবায়ন হলো না।
মোবাশ্বের হোসেন যে ঘরগুলোর উল্লেখ করলেন, সেগুলোতে ক্লাবের খেলোয়াড়েরা থাকেন। তিনি বলেন, ‘খেলোয়াড়েরা থাকলে সেসব ঘরকে ক্রীড়াসংশ্লিষ্ট বলা যায় কীভাবে? তাহলে এই শহরে অবৈধভাবে নির্মিত কোনো ঘরে খেলোয়াড়দের রেখে িক তাকে বৈধতা দেওয়া যাবে?’
এ প্রসঙ্গে কবীর মাহমুদ বলেন, ‘আদালতের নির্দেশে আমরা যেসব স্থাপনাকে অননুমোদিত বা ক্রীড়াসংশ্লিষ্ট নয় বলে মনে করেছি, তা অপসারণ করেছি। এই অগ্রগতি আমরা আদালতকে জানাব৷ বাকি স্থাপনাগুলোর বিষয়ে আদালত কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
২০১১ সালের ১৫ মার্চ হাইকোর্ট এক রায়ে মাঠে অননুমোদিত স্থাপনা অপসারণের নির্দেশ দেন। ১০ দিনের মধ্যে এ রায় বাস্তবায়নের নির্দেশ ছিল।