অবৈধ স্থাপনা ভাঙার বদলে চলছে রক্ষার কাজ
পটুয়াখালীর গলাচিপার রামনাবাদ নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের সিদ্ধান্ত দখলকারীরা মানছে না বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ ফেব্রুয়ারি সরকারের নদী-বিষয়ক টাস্কফোর্স ১৫ দিনের মধ্যে ওই স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও দখলদারেরা ওই অবৈধ স্থাপনা রক্ষার চেষ্টা চালাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গলাচিপা শহরসংলগ্ন রামনাবাদ নদীর আট একর জায়গা দখল করে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য গোলাম মাওলা বিপণিবিতান, খেলার মাঠ ও শিশুপার্ক নির্মাণের জন্য ভরাট করেন। এ জন্য নদীর তীর ঘেঁষে উঁচু দেয়ালও নির্মাণ করা হয়। এতে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র হাজী আবদুল ওহাব খলিফা গত ১৬ নভেম্বর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দৃষ্টি আকর্ষণ করেন। ওই সময় তিনি মন্ত্রণালয়ের সচিবকে নদী ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী বরাবরে নদী ভরাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ে টাস্কফোর্সের পঞ্চম সভায় গলাচিপার রামনাবাদ নদী দখল করে গড়া অবৈধ স্থাপনা ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, দখলদারেরা ওই অবৈধ স্থাপনা ভাঙেনি। উল্টো তারা ওই দেয়াল রক্ষার উদ্যোগ নিয়েছে।গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘দেয়ালের পাশে ইট ও খোলা ফেলার কথা শুনেছি। রামনাবাদ নদী দখলমুক্ত করার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের নির্দেশনাপত্র আমরা পাইনি।’