অবৈধ স্থাপনা রক্ষার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের তারাপুর চা–বাগানের স্থাপনা রক্ষার দাবিতে এলাকাবাসী ও শিল্পপতি রাগীব আলী স্থাপিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল পাঠানটুলা মোড়ে মানববন্ধন করেন l প্রথম আলো
সিলেটের তারাপুর চা–বাগানের স্থাপনা রক্ষার দাবিতে এলাকাবাসী ও শিল্পপতি রাগীব আলী স্থাপিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল পাঠানটুলা মোড়ে মানববন্ধন করেন l প্রথম আলো

সিলেটে শিল্পপতি রাগীব আলীর দখল থেকে মুক্ত তারাপুর চা-বাগান থেকে মেডিকেল কলেজ, হাসপাতালসহ যাবতীয় অবৈধ স্থাপনা সরাতে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ‘সিলেটবাসী’-এর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করেছেন ওই এলাকায় বসবাসকারীরা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তারাপুর চা-বাগানের উপকণ্ঠ পাঠানটুলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মেডিকেল কলেজ, হাসপাতাল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সেখানে বসবাসকারী মানুষের ঘরবাড়ি রক্ষার আহ্বান জানানো হয়। এতে রাগীব আলী প্রতিষ্ঠিত মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন ও সমাবেশ শেষে তারাপুর চা-বাগানে স্থাপন করা জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
পাঠানটুলা মোড়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের দুই পাশে মানববন্ধনে মৌন মিছিল করে অংশ নেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ‘বাসস্থান আমাদের মৌলিক অধিকার/ এ অধিকার কেড়ে নেবেন না’, ‘সবার ওপর মানুষ সত্য...’ এমন মানবিক আর্তি সংবলিত ফেস্টুন প্রদর্শন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশসহ এলাকাবাসী বক্তব্য দেন। তাঁরা তারাপুর চা-বাগানের তিন শতাধিক বাসাবাড়ি, হাসপাতাল, মেডিকেল কলেজ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় মানবিক দিক বিবেচনা করতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মেডিকেল শিক্ষার্থীরা এক দিনের জন্য তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে অপূরণীয় ক্ষতি হবে জানিয়ে বলেন, মেডিকেল কলেজে বর্তমানে ২ হাজার ৬০৭ জন শিক্ষার্থী রয়েছেন। এঁদের মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩১৮। নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা ৫৪২। মেডিকেল কলেজে এ পর্যন্ত ২২টি ব্যাচ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ১০০০ শয্যার হাসপাতালে আইসিইউ সুবিধাসহ আধুনিক অস্ত্রোপচার কক্ষ রয়েছে পাঁচটি। হাসপাতালে প্রতিদিন গড়ে দুই হাজার রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয়। দেশি-বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে স্থাপনা সরানোর নির্দেশনা বাতিলের দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ রকম কর্মসূচি পালনের খবর আমি এখনো পাইনি। পেলে কী করণীয় দেখা যাবে।’ গণবিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি জেলা প্রশাসনের কোনো নিজস্ব বিজ্ঞপ্তি নয়, উচ্চ আদালতের রায় বাস্তবায়নে জেলা প্রশাসনকে দেওয়া নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ মাত্র। আমাদের আদালতের রায় বাস্তবায়ন ছাড়া কোনো পথ নেই। এ থেকে নড়চড় হওয়ারও কোনো সুযোগ নেই।’
জেলা প্রশাসন সূত্র জানায়, ৪২২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা তারাপুর বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্টের আপিল বিভাগ এক রায়ে তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। গত ১৫ মে চা-বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। রায়ের পরবর্তী নির্দেশনা বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ২০ জুলাই মেডিকেল কলেজ, হাসপাতালসহ অবৈধ স্থাপনা সরাতে গণবিজ্ঞপ্তি জারি করেন।