মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় চার খালে অনেক অবৈধ স্থাপনা রেখেই খাল খননের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার পৌরসভার রিকাবীবাজার খালের পশ্চিম প্রান্ত থেকে খাল খননের কার্যক্রম শুরু হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ৩০-৩৫ জন শ্রমিক রিকাবীবাজার খালের পশ্চিম প্রান্তে মাটি কাটা শুরু করেন। এভাবে সারা দিন মাটি কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আয়াতুল ইসলাম, মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা লিলি, সহকারী কমিশনার ভূমি (সদর) লাবনী চাকমা, পৌরসভার কাউন্সিলর, ভূমি প্রশাসনের জরিপকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কেটে খালের পাশে সড়কের ওপর স্তূপ করে রাখছেন। এলাকাবাসী জানান, এভাবে খাল খনন করলে অনেক সময় ও টাকা লাগবে। মাটি কাটার যন্ত্র এক্সক্যাভেটর দিয়ে কাটলে দ্রুত খাল খনন সম্ভব। এতে খরচও কম হবে। এ ব্যাপারে মাটিকাটা শ্রমিকদের নেতা জলিল সরদার বলেন, ‘এভাবে মাটি কাটলে এক মাস সময় লাগতে পারে। কাল (আজ বুধবার) থেকে আরও বেশি শ্রমিক নেওয়া হবে।’ এদিকে জেলা প্রশাসনের তিন দিনের সময়ের মধ্যে এখনো ভূমি কার্যালয়ের লাল নিশানা দেওয়া স্থান থেকে অবৈধ সব স্থাপনা সরিয়ে নেননি দখলদারেরা। যে স্থানে মাটি কাটা শুরু হয়েছে তার পাশেই এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিনের দোতলা বাড়ি। ওই বাড়ির আংশিক উচ্ছেদ করা হয়েছে। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী কাজী মিজান প্রথম আলোকে বলেন, ‘রুহুল আমিনের বাড়ির স্থানে আগে একটি পাকা ঘাট ছিল। ওই ঘাটে আমরা গোসল করতাম। সেই ঘাট দখল করে তিনি বাড়ি বানিয়েছেন।’ কাজী মিজান আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ‘এই যে দেখেন, এখনো ঘাটের চিহ্ন রয়েছে। অথচ অসাধু ভূমি কর্মকর্তা ও জরিপকারীরা সামান্য একটু অংশে লাল চিহ্ন দিয়ে ভবনটি রক্ষা করে দিয়েছে।’ একই ধরনের কথা বলেন, মিরকাদিম কমলাঘাট বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুভা মিয়া। এলাকাবাসীর ভাষ্য, এভাবে রিকাবীবাজার ও নয়নের খাল, গোপাপাড়া খাল ও ফেচন্নীর খাল থেকে অনেক স্থাপনা রহস্যজনক কারণে রক্ষা করেছেন ভূমি জরিপকারীরা। সবগুলো খাল সৎ এবং দক্ষ ভূমি কর্মকর্তা ও জরিপকারী দিয়ে পরিমাপ করা উচিত। এসব অবৈধ স্থাপনা এক দিনে গড়ে উঠেনি। ভূমি কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এগুলো এখানে গড়ে উঠতে পারে না। যোগাযোগ করলে সদর উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী মো. রেজাউল করিম বলেন, ‘আমরা লাল নিশানা দিয়ে খুঁটি পুঁতেছি। কারও কোনো প্রশ্ন থাকলে আমাদের বললে আমরা বিষয়টি দেখতে পারি। তা ছাড়া আমাদের কাজ এখনো শেষ হয়নি। প্রয়োজনে আবার গিয়ে অবৈধ স্থাপনা চিহ্নিত করা হবে।’মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর প্রত্যাশানুযায়ী খাল খনন শুরু হয়েছে। এই খননকাজ আস্তে আস্তে চারটি খালেই করা হবে।’শহীদুল ইসলাম বলেন, ‘ভূমি জরিপ সঠিক হয়নি বলে অনেকে অভিযোগ করেছেন। এ নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’