অবৈধ স্থাপনা র্যাম্প উচ্ছেদ
ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান চলছে।
গতকাল বৃহস্পতিবার ফার্মগেট, গুলশান ও উত্তরায় একযোগে পরিচালিত এই অভিযানে অন্তত ২০টি ভবনের র্যা ম্প উচ্ছেদ এবং গাড়ি পার্কিংয়ের জায়গা অবমুক্ত করার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার গ্রিন রোডে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। তত্ত্বাবধানে ছিলেন জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান। অভিযানে বিটিআই সেন্ট্রাল প্লাজা, কস্তুরি নামের একটি রেস্তোরাঁ ও হকার্স মার্কেট কর্তৃপক্ষকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আগের অভিযানগুলোতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বেঁধে দেওয়া সময়ের মধ্যে পার্কিংয়ের জায়গা খালি না করায় সেগুলো উচ্ছেদ করা হয়।
একই ঘটনা ঘটে উত্তরায় পরিচালিত অভিযানে। এর পাশাপাশি সেখানে গাউসুল আযম অ্যাভিনিউর অন্তত ১০টি ভবনের অবৈধ স্থাপনা ও র্যা ম্প উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় দেড় লাখ টাকা। উত্তরায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। আর গুলশানের অভিযান পরিচালনা করেন জোন-৪-এর অথরাইজড অফিসার মো. আদিলউজ্জামান।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে এই অভিযান শুরু করে রাজউক। এতে প্রথম দফায় দুই শর বেশি ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। দ্বিতীয় দফায় আলাদাভাবে কিছু অভিযান চালানো হলেও ৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযানের জন্য নতুন একটি কর্মপরিকল্পনা করে রাজউক।