সিলেটের তারাপুর চা-বাগান থেকে শিল্পপতি রাগীব আলীর অবৈধ স্থাপনা মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাতে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ শনিবার। এদিকে রাগীব আলীর প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের সব শিক্ষার্থী ও অভিভাবকদের আজ কলেজ এলাকায় অবস্থান করতে ‘বিশেষ জরুরি সভা’ আহ্বান করেছে কলেজ কর্তৃপক্ষ।
মানবিক দিক বিবেচনা করে অবৈধ স্থাপনা রক্ষার দাবিতে গত বৃহস্পতিবার মেডিকেলের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। ওই কর্মসূচি থেকে আজকের জরুরি সভা ডাকা হয়। এই সভায় মেডিকেলের শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল শুক্রবার সকাল থেকে কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ তৎপরতা শুরু করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানতে চাইলে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ এ টি এম এ জলিল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কলেজ প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, বিশেষ জরুরি সভা কলেজ কর্তৃপক্ষ ডাকেনি। শিক্ষার্থী ও অভিভাবকেরা ডেকেছেন। যেহেতু কলেজের স্থাপনা-সংক্রান্ত বিষয়, তাই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণে রাখবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বেহাইকোর্টের আপিল বিভাগের এক বেঞ্চ তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রায় বাস্তবায়ন করতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।
১৫ মে চা-বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। রায়ের পরবর্তী নির্দেশনা বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ২০ জুলাই মেডিকেল কলেজ, হাসপাতালসহ অবৈধ স্থাপনা ৩০ জুলাইয়ের (আজ) মধ্যে সরাতে গণবিজ্ঞপ্তি জারি করেন।