অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এক সপ্তাহ সময় দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় অবস্থিত পৌরসভার মালিকানাধীন পুকুরপাড়ের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে এক সপ্তাহ সময় দিয়েছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার পুকুর পরিদর্শন করে জেলা প্রশাসক এ সময় বেঁধে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদার, পৌরসভার মেয়র জিকে গউছ ও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বেলা ১১টার দিকে চৌধুরীবাজারে অবস্থিত ওই পুকুর দেখতে যান।

এ সময় এলাকার কয়েক শ লোক জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে দখলের চিত্র তুলে ধরেন। এরপর জেলা প্রশাসক ও মেয়র অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের এক সপ্তাহের সময় বেঁধে দেন।

 জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘দখলদারদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে স্থাপনা না সরালে সীমানা নির্ধারণ করে পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পুকুরের প্রতিরক্ষা বাঁধ তৈরি করে দেওয়া হবে জনগণের সহযোগিতায়।’

পুকুরটি নায়েবের পুকুর নামে পরিচিত। কয়েক যুগ ধরে দৈনন্দিন কাজে এলাকাবাসী এ পুকুরের পানি ব্যবহার করে আসছে। ময়লা ফেলায় বর্তমানে পুকুরের পানি দূষিত হয়ে গেছে। এখন এ পানি ব্যবহার করা যাচ্ছে না।

এ ছাড়া পুকুরটির পাড় দখল হয়ে গেছে। এর প্রতিবাদে এলাকাবাসী আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। এ নিয়ে বৃহস্পতিবার প্রথম আলোতে ‘পুকুর গ্রাস করতে নানা কৌশল?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।