অবশেষে উচ্চ আদালতের নির্দেশে কীর্তনখোলা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ১৮ জুন এক সপ্তাহ সময় দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে উচ্ছেদ অভিযান চালানো হবে।
নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে নদীর পানির মধ্যে গড়ে তোলা পাঁচটি স্থাপনা সরিয়ে নিয়েছে দখলদারেরা। প্রশাসন বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আজ বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানো হবে। সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। তাদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চরের বাসিন্দারা। রোববার সিটি করপোরেশন ভবনের সামনে তাঁরা জড়ো হয়ে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কীর্তনখোলা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। নদী দখলমুক্ত করে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। মে মাসের শেষ সপ্তাহে ওই নির্দেশ বরিশালে পৌঁছায়। এরপর সরেজমিনে পরিদর্শন শেষে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলো।
উচ্ছেদ অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছুর রহমান বলেন, ‘আমরা সরেজমিনে কীর্তনখোলা দখলের প্রমাণ পেয়েছি। ২৪ জুনের মধ্যে দখলকারীদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযান চালানো হবে।’
সরেজমিনে দেখা গেছে, বরিশাল নৌবন্দরের পাশে নদীতে জেগে ওঠা চরে নতুন নতুন স্থাপনা গড়ে উঠেছে। নদীর মধ্যে খুঁটি বসিয়ে ওপরে তৈরি করা হয়েছে ঘর। দখলের অংশ হিসেবে চরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য পিলার।
কীর্তনখোলা দখল অনেক আগে থেকেই চলে আসছে। নতুন চর জাগার সঙ্গে সঙ্গে স্থাপনা নির্মাণ করে তা দখল হয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বরিশাল নৌবন্দর।
বরিশাল ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮০ সালে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরে ২৫ একর ২৩ শতাংশ চর জেগে ওঠে। যা খাসজমি হিসেবে সরকারের ১ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৭ সাল থেকে সেখানে ৪৯৮ জন ভূমিহীন কৃষক বসবাস শুরু করেন। একপর্যায়ে ওই চর দখলে নামে প্রভাবশালী মহল। নামে-বেনামে ভুয়া কাগজপত্র তৈরি করে চর দখল হতে থাকে।
চরের বাসিন্দা মো. মনির হাওলাদার জানান, ১০ হাত প্রস্থ ও ১২ হাত দৈর্ঘ্যের একখণ্ড ভূমি তাঁকে বরাদ্দ দেয় সরকার। কিন্তু বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যক্তিরা এসে সেই জমি তাঁদের মালিকানা দাবি করেন।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি মো. হারুন ভান্ডারীর অভিযোগ, চরবদনা মৌজার রসুলপুর চরের ২৫ একর ২৩ শতাংশ খাসজমি প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিচ্ছেন। ওই জমি ভূমিহীনদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানানো হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও তা করা হয়নি।