পূর্বাঞ্চলীয় রেলওয়ের বৃহৎ জংশন আখাউড়ায় রিকশা ও ভ্যান পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার থেকে অতিরিক্ত শ্রমিক লাগিয়ে জোরেশোরে চালানো হচ্ছে এই নির্মাণকাজ। এর পেছনে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা। এদিকে জংশনের সৌন্দর্য ও শোভা নষ্ট করে এই স্থাপনা নির্মাণের প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আজ মঙ্গলবার জংশন চত্বরে এক প্রতিবাদ সভা ডেকেছে। আখাউড়া রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, জংশনের সৌন্দর্য ঠিক রাখা ও যাত্রীদের চলাচল সুবিধার স্বার্থে নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। স্থানটিতে এখন পাকা দোকানঘর তোলা হচ্ছে। এতে জংশনের সৌন্দর্য নষ্ট হবে। যাত্রীদের চলাচলে মারাত্মক সমস্যায় সৃষ্টি হবে। জংশনের ১ নম্বর প্ল্যাটফরম লাগোয়া রেলিংয়ের পূর্বে, পার্সেল অফিসের গেট থেকে দক্ষিণে ১০০ ফুট দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের পুরো স্থানজুড়ে চলছে ঘর নির্মাণের কাজ। সূত্র আরও জানায়, আখাউড়া রেলওয়ের বাণিজ্য বিভাগ জেসমিন আক্তার নামের এক নারীকে ওই দোকানঘর নির্মাণের অনুমতি দিয়েছে। কাগজপত্রে তাঁর স্বামীর নাম ও ঠিকানা হিসেবে লেখা আছে: খসরু, গ্রাম-আখাউড়া। স্থানীয় সূত্রের অভিযোগ, ওই নামের আড়ালে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা। বাণিজ্য বিভাগ ও আখাউড়া জংশন তত্ত্বাবধায়কের যোগসাজশে তাঁরা এই স্থাপনা নির্মাণের অনুমতি আদায় করেছেন। তবে দখলদারেরা দাবি করেছেন, বাণিজ্য বিভাগ থেকে ইজারার বৈধ অনুমতি নিয়েই তাঁরা এই কাজ করছেন। অভিযোগে অন্যতম দখলদার হিসেবে নাম উঠে আসা স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, ‘এই কাজের বৈধ অনুমতিপত্র রয়েছে।’ আখাউড়া রেলওয়ের প্রকৌশল বিভাগ ও পূর্ত বিভাগ এ বিষয়ে কিছুই অবগত নয় বলে জানিয়েছে। গতকাল বিকেলে প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে এসে মৌখিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ওই জায়গা ইজারা দেওয়ার আগে এই বিভাগের মতামত নেওয়ার কথা ছিল। কিন্তু তা নেওয়া হয়নি। তবে জংশন তত্ত্বাবধায়ক অনুমতিপত্রের মতো একটি কাগজ তাঁদের দিয়েছেন। এই কাগজে সৌন্দর্য ও শোভা নষ্ট হয়, এমন কাজ না করার কথা বলা হয়েছে। তত্ত্বাবধায়ক মোতালেব হোসেন বলেন, ‘আগে স্থানটি নোংরা ছিল। এখন দোকানঘর হলে সৌন্দর্য বাড়বে। রেলওয়েও অর্থ পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই জায়গাটি খালি করার ব্যবস্থা করা হয়েছে।’ দখলদারদের সঙ্গে যোগসাজশের কথা অস্বীকার করেন তিনি।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বলেন, এই কাজের নেপথ্যে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা রয়েছেন। ইউএনও মোহাম্মদ বশিরুল হক ভূঞা বলেন, ‘রেলওয়ের রিকশা ও ভ্যান পার্কিংয়ের জায়গাটি দখল হচ্ছে বলে শুনেছি।’