অবৈধ স্পিডবোটে ঝুঁকিপূর্ণ পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌপথে স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। এসব নৌযান চলাচলে কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেই। যাত্রী পারাপারে স্পিডবোটগুলোতে নিরাপত্তার ব্যবস্থাও নেই।
পুলিশ, স্পিডবোট পরিচালনা কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিচা-কাজিরহাট নৌপথে বৈধভাবে যাত্রী পারাপারের লঞ্চ রয়েছে। পাশাপাশি প্রায় এক বছর ধরে এ পথে ১৮টি স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। নৌবন্দর বা নদীপথে এসব স্পিডবোট চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদন লাগে। তবে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহসান ওরফে মিঠুসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা অনুমোদন ছাড়াই এসব স্পিডবোট পরিচালনা করছেন।
আরিচা লঞ্চমালিক সমিতি সূত্রে জানা গেছে, এ পথে বর্তমানে ছয়টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। এ ছাড়া ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপার করা হয়। তবে এক বছর ধরে অনুমোদন না নিয়ে স্পিডবোট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। অদক্ষ চালক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্পিডবোট চালানো হচ্ছে। ক্ষমতাসীন দলের লোকজন এসব নৌযানের মালিক হওয়ায় কেউ প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়।
আরিচা-কাজিরহাট পথের একটি লঞ্চের মালিক উজ্জ্বল ফকির বলেন, গত ১ জুলাই লঞ্চের যাত্রীদের জোর করে স্পিডবোটে তোলার চেষ্টা করা হলে এতে লঞ্চমালিকেরা বাধা দেন। এ ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহসান এবং তাঁর লোকজন তাঁকে মারধর করেন। এ বিষয়ে গতকাল বিকেলে আলী আহসানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
৯ আগস্ট শিবালয়ে যমুনা নদীতে স্পিডবোট ডুবে আছিয়া বেগম (৩৫) নামের এক নারী ও শ্রাবন্তি আক্তার (৬) নামের এক শিশু নিখোঁজ হয়। গতকাল সোমবার পর্যন্ত দুজনের সন্ধান মেলেনি। গত শনিবার স্থানীয় থানায় স্পিডবোটের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করেন নিখোঁজ আছিয়ার স্বামী ইদ্রিস জমাদ্দার।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত স্পিডবোটটি জব্দ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করা হবে। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ স্পিডবোটে লাইফ জ্যাকেট (পানিতে ভেসে থাকার বিশেষ পোশাক) নেই। প্রবল ঢেউয়ের মধ্যে ঝুঁকি নিয়ে এসব স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। প্রত্যেক যাত্রীর কাছ থেকে ২০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
স্পিডবোট পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা আওয়ামী লীগের নেতা মনোরঞ্জন শীল বলেন, স্পিডবোট চলাচলের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে এসব কাগজপত্র হাতে পাওয়া যাবে। প্রতিটি স্পিডবোটে লাইফ জ্যাকেট রয়েছে বলে দাবি করেন তিনি।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বলেন, জরিপ সনদ (সার্ভে লাইসেন্স) ও নিবন্ধন ছাড়া স্পিডবোট বা অন্যান্য ছোট নৌযানে নদীবন্দর এলাকায় যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে এসব স্পিডবোট চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, ‘আরিচা-কাজিরহাট নৌপথে চলাচলকারী স্পিডবোটগুলোর চলাচলের কোনো অনুমোদন নেই বলে শুনেছি। বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’