বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ক্যাডাররা সংবাদমাধ্যমের ওপর খড়্গহস্ত হয়ে উঠেছেন। তাঁরা বলেন, একদিকে সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সাংসদেরা সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করছেন, অন্যদিকে সরকারি দলের কর্মী ও ক্যাডাররা তাঁদের অবৈধ স্বার্থে আঁচড় লাগলেই সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে সাংবাদিকদের দুই ইউনিয়নের নেতারা আরও বলেন, এ ধরনের ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের পরিপন্থী। তাঁরা নাটোরের বনপাড়ায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এ ঘটনায় আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন যৌথভাবে এই বিবৃতি দেন। তাঁরা বলেন, সরকারি মহলের আচরণ সংশোধন না হলে সাংবাদিকেরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। বিজ্ঞপ্তি।