অবৈধ হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের ডাকবাংলা থেকে পিকচার প্যালেস মোড়সহ বিভিন্ন সড়কের দুই পাশে অবৈধ হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুল হক খান।
পাশাপাশি নগরের থ্রি হুইলার গাড়িচালকদের লাইসেন্স, গাড়ির নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র কঠোরভাবে যাচাইবাছাই করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়।
গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব নির্দেশ দেওয়া হয়।
থ্রি হুইলারে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং চালকের পাশে কোনো যাত্রী বসানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নিবন্ধনহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, ১৮ বছরের নিচে কিশোরদের মোটরসাইকেল চালানো এবং বেপরোয়া মোটরসাইকেল-চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া সভায় প্রত্যেকটি থানা ও উপজেলাভিত্তিক ইমামদের জীবনবৃত্তান্ত সংরক্ষণ করে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেএমপি প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।
সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, গত ডিসেম্বরে খুলনা নগরের আট থানায় তিনটি খুন, একটি ধর্ষণ, ৭৮টি মাদকদ্রব্য মামলাসহ মোট ১৩৪টি মামলা হয়েছে। জেলার নয়টি থানায় তিনটি খুন, দুটি ধর্ষণ, আটটি নারী ও শিশু নির্যাতন মামলাসহ মোট ১২০টি মামলা হয়েছে।