অবৈধ হরমোনে আমগাছের জীবন নাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

অবৈধ হরমোন দিয়ে বেশি আম ফলাতে গিয়ে শেষ পর্যন্ত গাছই মেরে ফেলছেন অসাধু ব্যবসায়ীরা। না বুঝে অনেক চাষিও ওই হরমোন ব্যবহার করে আমগাছের জীবনী শক্তি হরণ করছেন। রাজশাহীতে ভুক্তভোগী এক চাষি সম্প্রতি তিন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের প্রধান আম উৎপাদনকারী অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে একশ্রেণির কীটনাশক ব্যবসায়ী এই হরমোন ভারত থেকে চোরাই পথে আমদানি করছেন। যেসব ব্যবসায়ী এক বা দুই বছরের জন্য আমবাগান ইজারা নেন, তাঁদের অনেকেই বেশি আম পাওয়ার লোভে গোপনে এই হরমোন ব্যবহার করছেন। এই ওষুধ ব্যবহারের ফলে গাছে উপর্যুপরি আম ধরছে ঠিকই, আমের আকারও বড় হচ্ছে; কিন্তু পরিণামে গাছের বৃদ্ধি থেমে যাচ্ছে। জীবনী শক্তি হারিয়ে অনেক গাছ মারা যাচ্ছে।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম হরমোনের ওপর পিএইচডি করেছেন। শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০৯-১০ সাল থেকে তাঁরা দেশে এই হরমোনের উপস্থিতি টের পাচ্ছেন। এর নাম হচ্ছে paclobutrazol। বাণিজ্যিক নাম cultar। বাংলাদেশে এই হরমোন ব্যবহারের কোনো অনুমোদন দেওয়া হয়নি। ভারত থেকে আসছে চোরাই পথে। যাঁরা ব্যবহার করছেন, তাঁরা সম্পূর্ণ অবৈধভাবে করছেন।

শফিকুল ইসলাম আরও বলেন, এই হরমোন প্রথমত ১০ বছরের নিচের কোনো গাছে ব্যবহার করাই যাবে না। কারণ এই হরমোন গাছের বৃদ্ধি থামিয়ে দিয়ে সব শক্তি ফুল-ফলের দিকে পাঠিয়ে দেয়। এ জন্য গাছে প্রচুর ফল আসে। কিন্তু গাছ প্রাণশক্তি হারাতে থাকে। তবে পরিণত গাছে ব্যবহার করলে তার জন্য বিধিবদ্ধ মাত্রা রয়েছে। মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে। সেই সঙ্গে এটা ব্যবহার করলে গাছকে প্রচুর পরিমাণে অন্যান্য খাবার দিতে হবে। একবার ব্যবহার করলে আর তিন বছর ব্যবহার করা যায় না। কিন্তু ব্যবসায়ীরা অল্প সময়ে বেশি ফল আহরণ করতে চান। তাঁরা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করেন না।

রাজশাহীর পবা উপজেলার কর্ণহার গ্রামের কৃষক সালাউদ্দিন আহমেদ ওরফে রায়হান বলেন, তিনি না বুঝে অন্যের কথায় এই হরমোন ব্যবহার করেছিলেন। ইতিমধ্যে তাঁর তিনটি গাছ মারা গেছে। আরও চারটি গাছ মরার উপক্রম হয়েছে।

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত আমচাষি গোলাম কিবরিয়া ১৭ মে চারঘাট থানায় তিনজন আম ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও তিনি একই অভিযোগ করেছেন। এতে বলা হয়েছে, চার বছরের জন্য তিনি তাঁর ৩৯টি আমগাছ একই গ্রামের তিনজন ব্যবসায়ীর কাছে ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকায় ইজারা দিয়েছিলেন। এ বছরই ইজারার মেয়াদ শেষ হয়ে যাবে। তাঁর অধিকাংশ গাছের বয়স ১০-১৫ বছরের মধ্যে। ১৬ মে তিনি জানতে পারেন, ব্যবসায়ীরা তাঁর গাছের শিকড় কেটে তাতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ঢুকিয়েছেন। ইজারা দেওয়ার পর তাঁর বাগানের তিনটি গাছ মারা গেছে। অন্যান্য গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে পুলিশ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁর বাগান পরিদর্শন করেছেন।

২৪ মে গোলাম কিবরিয়ার বাগানে গিয়ে দেখা যায়, চারঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা কোরবান আলীও বাগান পরিদর্শনে এসেছেন। বাগানমালিক দেখালেন, যে গাছের নতুন পাতা বের হওয়ার কথা, সেই গাছের পাতা বের না হয়ে ওপরের দিক থেকে গাছের সরু ডালপালা মরে যাচ্ছে। পাতা বিবর্ণ হয়ে আসছে। গাছের গোড়ার শিকড় কেটে কীভাবে রাসায়নিক দ্রব্য ঢোকানো হয়েছে, তাও তিনি দেখালেন। গাছের এই অবস্থা হলেও প্রতিটি গাছেই বেশ আম এসেছে। 

চারঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, একটা অভিযোগ পেয়েছেন। এ ধরনের ক্ষতি দণ্ডবিধির ৪২৭ ধারার অপরাধ। তবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তিনি সহযোগিতা করছেন।