অবৈধ হাট, পরিচালনায় আ.লীগ ও ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানো ও সেগুলো পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস ভবনের পেছনে গত রোববার রাতে কয়েকটি খুঁটি সাঁটানো হয়। পরদিন সকাল থেকে সেখানে ছাত্রলীগের পরিচালনায় হাট বসানো হয়েছে বলে মাইকে প্রচারণা চালানো হয়। কিন্তু কোরবানির পশু ওই হাটে না ওঠায় গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে জোরপূর্বক গরু হাটে তোলা। তবে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি তাদের বিরুদ্ধে অপপ্রচার। সরেজমিনে গতকাল দেখা গেছে, হাটের নামে ওই স্থানে গরু আটকে রাখা হয়েছে। কোনো ক্রেতা নেই, আছেন কেবল গরু ব্যবসায়ীরা। একটি ট্রাকে আটটি গরু নিয়ে হাটে তোলার অপেক্ষায় থাকা একজন ব্যবসায়ী জানান, তিনি এসেছিলেন নগরের কাজীরবাজার হাটে গরু তুলতে। কিন্তু তাঁকে সকাল থেকে এখানে আটকে রাখা হয়েছে। দুপুরের দিকে গরুপ্রতি ২০০ টাকা করে দাবি করে একদল যুবক। টাকা না দেওয়ায় তাঁর ওই অবস্থা। বিকেলে হাটে গিয়ে দেখা যায়, পাশ দিয়ে কোনো বিক্রেতা গরু নিয়ে গেলেই জোর করে তা এই হাটে তোলা হচ্ছে। গোয়াইনঘাটের লেঙ্গুরা গ্রামের আবু হানিফ জানান, তিনটি ছাগল ও দুটি গরু নিয়ে তিনি পাশের কয়েদির মাঠের হাটে যেতে চেয়েছিলেন। তাঁকে টেনে মেন্দিবাগের এই হাটে নিয়ে রীতিমতো পাহারা দিয়ে রাখা হয়েছে। মহানগর পুলিশ ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিলেট শহরে পশুর বৈধ হাট দুটি। এর একটি সিটি করপোরেশন এলাকার কাজীরবাজার হাট, অন্যটি কয়েদির মাঠের অস্থায়ী হাট। অভিযোগ উঠেছে, শহরের কমপক্ষে পাঁচটি স্থানে ক্ষমতাসীনদের প্রভাবে অবৈধ হাট বসানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। সিলেট জেলা ছাত্রলীগের নেতা ফরহাদ হোসেন খান বলেন, ‘মেন্দিবাগ কেন, কোথাও ছাত্রলীগের পরিচালনাধীন হাট নেই।’ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ট্রাক টার্মিনাল দখল করে স্থানীয় আওয়ামী লীগের নেতা গরুর হাট বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মহাসড়কে যানজটে পড়ে ঈদে ঘরমুখী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর কাঁচপুর পশুর হাটের ইজারা নিয়ে সরকার-নির্ধারিত স্থানের বাইরে ওই ট্রাক টার্মিনালে হাট বসিয়েছেন। স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকেরা জানান, টার্মিনাল থেকে সব ট্রাক জোরপূর্বক বের করে দিয়ে হাট বসানো হয়েছে। মোশারফ ওমর বলেন, ‘নির্ধারিত স্থানেই আমরা হাট বসিয়েছি। তবে ট্রাক টার্মিনালের জায়গা খালি থাকায় সেখানেও হাটের পরিধি বাড়ানো হয়েছে।’সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, ‘ট্রাক টার্মিনালের জায়গা ছেড়ে কাঁচপুর বালুর মাঠে হাট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইজারাদার নির্দেশ অমান্য করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’