অবৈধ হাট উচ্ছেদে অভিযান দুর্বৃত্তদের হামলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধভাবে স্থাপিত একটি কোরবানির পশুর হাট গতকাল শনিবার উচ্ছেদ করতে গেলে সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে ১০ জন কর্মী আহত হন।প্রসঙ্গত, বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাটে (শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে) অবৈধভাবে ওই কোরবানির পশুর হাট বসায় শেখ রাসেল সঞ্চৃতি সংসদ, বন্দর নামের একটি সংগঠন। স্থানীয় সাংসদের ডিও লেটার নিয়ে এ হাট বসানো হয়। হাট বসানোর জন্য জেলা, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনের অনুমতি নেওয়া হয়নি।স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মীরা অবৈধ ওই হাট উচ্ছেদ করতে গেলে হাটের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা আবুল হোসেন ও আলমগীর হিরণসহ কয়েকজনকে মারধর করে একটি মার্কেটের ভেতর নিয়ে আটকে রাখে দুর্বৃত্তরা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, বন্দর খেয়াঘাটের শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে কোরবানির হাট ৬১ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। একটি মহল তার পাশেই স্থানীয় সাংসদের ডিও লেটারের মাধ্যমে হাট বসানোর পাঁয়তারা করছে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন মোতাবেক সিটি করপোরেশন, জেলা ও পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে সিটি করপোরেশন আইগত ব্যবস্থা নেবে। মেয়র বলেন, পুলিশের সামনেই সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, জেলা প্রশাসন শেখ রাসেল সঞ্চৃতি সংসদের গরুর হাট বসানোর আবেদন খারিজ করে দিয়েছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, সিটি করপোরেশনের লোকজন হাটটি উচ্ছেদ করতে গেলে হাটের লোকজনের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কাজী জহিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।শেখ রাসেল স্মৃতি সংসদের কর্মকর্তা খান মাসুদ বলেন, বিআইডব্লিউটিএর কাছ থেকে তাঁরা ৮৭ হাজার টাকায় এ পশুর হাট ইজারা নিয়েছেন। সিটি করপোরেশনের লোকজন অবৈধভাবে তাঁদের উচ্ছেদ করতে এলে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়েছে।