অবৈধ হাট বসাতে দেওয়া হবে না: ডিএমপির কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সিটি করপোরেশনের অনুমোদিত পশুহাট ছাড়া রাজধানীর কোথাও অবৈধ হাট বসাতে দেবে না পুলিশ। চামড়া পাচার রোধে ঈদের পরে তিন দিন রাজধানীর বাইরে চামড়ার কোনো ট্রাক যেতে দেওয়া হবে না।

আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ঈদ ও পূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ।

কমিশনার বলেন, এ বছর প্রায় একই সময়ে দুর্গাপূজা ও কোরবা​নির ঈদ উদযাপিত হবে। রাজধানীতে ২১৯টি মন্দির ও মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। একই সময়ে রাজধানীতে ২১টি পশুর হাট বসবে। এসব হাটে পশু সরবরাহের জন্য রাজধানীতে প্রচুর পশুবাহী ট্রাক ঢুকবে। আবার দুই উৎসব উপলক্ষে রাজধানীর বিপণিবিতানগুলোতেও ভিড় থাকবে। সব মিলিয়ে রাজধানীর স্বাভাবিক ট্রাফিক ব্যাহত হবে। তবে স্থানীয়ভাবে ট্রাফিক পরিস্থিতি অন্তত সহ্যকর রাখার ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ জন্য স্থানীয়ভাবে সমন্বয়সহ কমিউনিটি পুলিশকে কাজে লাগানো হবে।

ঈদ-পূজার নিরাপত্তার বিষয়ে নগরবাসীকে আশ্বস্ত করে বেনজীর আহমেদ বলেন, পর্যপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দিরকেন্দ্রিক নিরাপত্তা থাকবে। থাকবে বিভিন্ন ধরনের টহল ও তল্লাশি চৌকি।

প্রতিবছর ট্রাক থেকে বিভিন্ন জায়গায় গরু নামিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ধরনের ঘটনা ঠেকাতে ডিএমপির কমিশনার পশুবাহী ট্রাকের সামনে এর গন্তব্য হাটের নাম ব্যানারে লিখে টাঙিয়ে রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে রাস্তায় কর্তব্যরত পুলিশ জানতে পারবে ট্রাকটি কোথায় যেতে চায় এবং তারা ওই পশু ব্যবসায়ীদের গন্তব্যে যেতে সাহায্য করতে পারবে। পুলিশ পশুহাটের নিরাপত্তায় ব্যবস্থা নেবে। পশুহাটগুলোতে সিসি ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে। এ ছাড়া সেখানে জালটাকা শনাক্তকরণ যন্ত্র থাকবে। একই সঙ্গে চাঁদাবাজির কোনো অভিযোগ পেলে তিনি পুলিশকে জানাতে বলেছেন।

অজ্ঞান পার্টির মতো প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে পুলিশ সতর্ক রয়েছে বলে উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, ‘নাগরিকদেরও সচেতন হতে হবে। দয়া করে কেউ ফেরিওয়ালাদের কাছ থেকে কিছু কিনে খাবেন না। পানি, ডাব, আমড়া বা অন্যান্য ফল—কিছুই ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে কিনে খাবেন না। প্রয়োজনে স্থায়ী দোকান থেকে খাবার কিনে খান। আমাদের অভিজ্ঞতায় বলে এসব ভাসমান ব্যবসায়ীদের খাবার খেয়ে বহু মানুষ প্রতারিত হয়েছেন।’ তিনি বলেন, প্রতিবছর ঈদের আগে অজ্ঞান পার্টিগুলো সক্রিয় হয়। এবার আগেভাগেই সক্রিয় হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তার করেছে।

চামড়া পাচার রোধে পুলিশ ঈদের পরের তিন দিন ঢাকার বাইরে কোনো চামড়াবাহী ট্রাক যেতে দেবে না বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার। তবে বাইরে থেকে ট্রাক ঢুকতে পারবে। তিনি জানান, এবার ঢাকার ৫৬৮টি স্থানে ৬৫২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিনে বড় রাস্তার ওপর পশু জবাই না করার অনুরোধ জানান তিনি।

বেনজীর আহমেদ বলেন, যাঁরা সপরিবারে বাড়িতে ঈদ উদযাপন করতে চান তাঁরা আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। আর পোশাকশ্রমিকদের পালাক্রমে ছুটি দেওয়ার জন্য বলা হয়েছে, যাতে সব ভিড় একসঙ্গে না হয়।