অবৈধ হাট বসানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে হাট বসিয়ে খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের আশাপুর গ্রামে ওই হাট বসিয়েছেন ইউপি সদস্য হাবিবুর রহমান। এতে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এ ব্যাপারে স্থানীয় এক ইজারাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জানানোর পরও কোনো কাজ হয়নি। গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, আশাপুর গ্রামের ধলেশ্বরী নদীর তীরে বসেছে বাঁশের হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসেছেন বাঁশ কিনতে। সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম এলাকার ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, তিনি ২০ হাজার টাকার বাঁশ কিনেছেন। এ জন্য তাঁকে শতকরা দুই টাকা হারে ৪০০ টাকা টোল দিতে হয়েছে। তাঁর মতো, আরও অনেক ব্যবসায়ীর কাছ থেকে ইজারার টাকা আদায় করা হচ্ছে। স্থানীয় ইজারাদার আজম খান অভিযোগ করেন, গত চার মাস ধরে প্রতি শনিবার ইউপি সদস্য হাবিবুর রহমান হাট বসিয়ে খাজনা আদায় করছেন। অথচ ওই এলাকার তিন কিলোমিটারের মধ্যে আরও দুটি বাঁশের হাট রয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানালেও কোনো কাজ হয়নি। ইজারার টাকা গ্রহণের অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয় ব্যবসায়ীরা হাট বসিয়েছেন। খাজনা আদায় করা হয় না।’ ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহামঞ্চদ আলী বলেন, হাবিবুর রহমান অবৈধভাবে হাট বসিয়ে খাজনা আদায় করছেন। ব্যবস্থা নিতে স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সিংজুরী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘হাট বসাতে ইউপি সদস্যকে নিষেধ করা হয়েছে। এর পরও বসিয়ে থাকলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হবে। এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়।’