অবৈধ ৬৯ ফটোকপি মেশিনসহ আটক ৬ জনকে ছেড়ে দেওয়া হলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজপত্র ছাড়া ৬৯টি ফটোকপি মেশিন রাখার অভিযোগে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থেকে আটক করা ছয় ব্যক্তিকে গত শনিবার রাতে ছেড়ে দিয়েছেন র‌্যাবের সদস্যরা। এ ঘটনায় আটক ব্যক্তিদের থানায়ও সোপর্দ করা হয়নি। র‌্যাবের ভাষ্যমতে, রাজশাহীর শুল্ক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিসহ মালামাল নেওয়ার বিধান নেই। তাই র‌্যাব আটক ব্যক্তিদের ছেড়ে দেয়। জানা গেছে, র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক লেফটেন্যান্ট নূর মোহাম্মদের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা গত শনিবার বিকেলে কাফুরিয়া ইউপি ভবনে অভিযান চালান। ভবনের নিচতলার তিনটি কক্ষ থেকে ৬৯টি ফটোকপি মেশিন ও ১৭টি মোড়ক থেকে বিপুল সংখ্যক যন্ত্রাংশ জব্দ করা হয়। আটক করা হয় বগুড়ার ধুনট উপজেলার রবিউল ইসলাম (৩৬), শেরপুর উপজেলার আরিফুল ইসলাম (২৮) ও সদর থানা এলাকার আনোয়ার হোসেন (৩৫), রাজশাহীর রাজপাড়া মহল্লার আনোয়ার আহম্মেদ (৩৭), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আতিক আহম্মেদ ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সুমনকে (২২)। খবর পেয়ে ইউপি ভবনে যান কাফুরিয়া ইউপির চেয়ারম্যান খবির উদ্দিন শাহ, সাংবাদিক ও স্থানীয় লোকজন। সবার উপস্থিতিতে উদ্ধার হওয়া মালামাল সামনে রেখে আটক ছয় ব্যক্তি এবং র‌্যাবের দুই সদস্য তাঁদের ছবি তোলেন। খবর পেয়ে রাজশাহী শুল্ক অফিসের পরিদর্শক আবুল বাশার ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার হওয়া মালামালের তালিকা প্রস্তুত করেন। পরে তা ৮৬টি কার্টনে ভরে দুটি ট্রাকে করে এবং ছয় ব্যক্তিকে গভীর রাতে রাজশাহীতে নেওয়া হয়। ঢাকায় র‌্যাবের জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, ‘আমরা আটক ছয় ব্যক্তিসহ উদ্ধার হওয়া মালামাল কাস্টমসে বুঝিয়ে দিতে চেয়েছি। কিন্তু কাস্টমস জানায়, আটক ব্যক্তিসহ মালামাল নেওয়ার বিধান তাদের নেই। তাই মালামালগুলো কাস্টমসে দিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।’জানা গেছে, অবৈধভাবে বিদেশি পণ্য দেশে এনে বাজারজাত করা বিশেষ ক্ষমতা আইনের আওতায় পড়ে। বিদেশি ফটোকপি মেশিন উদ্ধারের ঘটনায় কেন ফৌজদারি অভিযোগ গঠন করা হলো না—এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন। আমি বলতে পারব না। রাজশাহী শুল্ক দপ্তরের সহকারী পরিচালক হাসান মাহমুদ তারেক রিকাবদার জানান, ‘র‌্যাবের সদস্যরা আমাদের শুধু উদ্ধার করা মালামাল বুঝিয়ে দিয়েছেন। আটক কোনো ব্যক্তিকে সোপর্দ করেননি। তা ছাড়া মালামালসহ আটক ব্যক্তিদের গ্রহণ করার বিধান কাস্টমসের নেই।’শুল্ক কর্মকর্তা আরও জানান, ‘আমরা এ ব্যাপারে বিভাগীয় মামলা করেছি। মামলায় কোনো বাদী ও আসামি নেই।’র‌্যাব কর্মকর্তা নূর মোহাম্মদ শনিবার সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা তাঁদের হেফাজতে থাকা ফটোকপি মেশিনগুলোর কাগজপত্র দেখাতে পারেননি। সমুদ্রপথে মালামালগুলো অবৈধভাবে আনা হয়েছে। এগুলোর আনুমানিক দাম দেড় কোটি টাকা।আটক রবিউল ইসলাম তখন জানান, মালামালগুলো তাঁরা নাটোর ও রাজশাহী অঞ্চলে বিক্রির জন্য এনেছেন। এখান থেকে এগুলো সরবরাহ করা হচ্ছিল। কাগজপত্রের কথা জিজ্ঞাসা করলে তিনি কোনো জবাব দেননি।একই সময়ে কাফুরিয়া ইউপির চেয়ারম্যান খবির উদ্দিন শাহ সাংবাদিকদের বলেন, ‘আটক ব্যক্তিরা মালামালগুলো রাখতে আমার বাড়ি ভাড়া চেয়েছিল। বাড়ি ফাঁকা না থাকায় দুদিনের জন্য পরিষদের ঘরে রাখতে দিয়েছি। এর বেশি কিছু জানি না।’