অবৈধদের পরিবর্তে নতুন শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে যে ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা বলেছে, তা দেশটিতে এরই মধ্যে থাকা প্রবাসী শ্রমিকের অতিরিক্ত হিসেবে নয়। বরং দেশে পাঠিয়ে দেওয়া হবে এমন অবৈধ শ্রমিকদের পরিবর্তে ওই শ্রমিক নেওয়া হবে। খবর দ্য স্টারের।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আহমদ জাহিদ হামিদি বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমাদের ১৫ লাখ শ্রমিক দরকার। বনায়ন খাতে আমাদের শ্রমিক-সংকট রয়েছে। কারণ, ইন্দোনেশিয়ার শ্রমিকেরা ওই দেশের মতো মালয়েশিয়াতে একই হারের সর্বনিম্ন পারিশ্রমিক পান না। তাই তাঁরা ইন্দোনেশিয়াতেই কাজ করতে চান।’
পাচারে জড়িত সন্দেহে: ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, মানব পাচারে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেদাহ রাজ্যের পুলিশ গত সোমবার তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর বলেন, গ্রেপ্তার করা অন্য সাতজন মিয়ানমারের নাগরিক। তিনি বিস্তারিত কিছু আর বলেননি।
মালয়েশিয়ায় গত ১০ মে থেকে মানব পাচারকারী বিরোধী অভিযান চালিয়ে এ পর্যন্ত সন্দেহভাজন ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে স্থানীয় এক ব্যক্তি ও দুই বাংলাদেশিকে ২৫ জুন অভিযুক্ত করা হয়।