অবৈধদের বৈধ করে নিতে চায় মালয়েশিয়া
মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে অভিযানে যাঁদের গ্রেপ্তার করা হচ্ছে তাঁদের আবার বৈধ করে নিতে চাইছে সে দেশের সরকার। বিদেশি কর্মীদের চাহিদা মেটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশের প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা কয়েক দিন আগেই মালয়েশিয়া সফর করেছি। আমরা মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছিলাম আমাদের কর্মীদের বিষয়ে যেন তারা কঠোর না হয়। তারা আমাদের আশ্বস্ত করেছে।’
এদিকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ হামিদ হামিদি দেশটির ইংরেজি দৈনিক ‘দ্য স্টার’কে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, ‘মালয়েশিয়ায় অনেক বিদেশি শ্রমিকদের চাহিদা রয়েছে। তাই আটক কর্মীদের “সিক্স-পি” কর্মসূচির আওতায় বৈধ করার সুযোগ দেব। অনেক কোম্পানির মালিক আমাদের এ ধরনের অনুরোধ করেছেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতারণার কারণেও অনেক শ্রমিক ঠিক সময়ে বৈধ হতে পারেননি। তাই আমরা তাঁদের ফের বৈধ হওয়ার সুযোগ দিতে চাই। শ্রমিকদের বদলে যেসব প্রতিষ্ঠান প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
১ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ বাংলাদেশি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ২০১১ সালের আগস্টে মালয়েশিয়া দেশটিতে থাকা অবৈধ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দেয়। এজন্য কয়েক মাসজুড়ে অবৈধ কর্মীদের নাম নিবন্ধন করতে বলা হয়। এরপর সিক্স-পি কর্মসূচির আওতায় তাঁদের বৈধ করা হয়। ওই প্রক্রিয়ায় দুই লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশি বৈধ হন। তাঁদের বেশির ভাগই ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় মালয়েশিয়া গিয়েছিলেন।
এদিকে ওই প্রক্রিয়া শেষ হওয়ার পর মালয়েশিয়া ঘোষণা দেয়, নির্ধারিত সময়ে যাঁরা বৈধ হবেন না, তাঁদের বিরুদ্ধে পরে অভিযান চালানো হবে। সেই ঘোষণা অনুযায়ী এ বছরের ১ সেপ্টেম্বর থেকে অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মালয়েশিয়া। আগামী তিন মাস এই অভিযান চলবে।
জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। কিন্তু এর পরও ছাত্র ও পর্যটক সেজে অনেক বাংলাদেশি মালয়েশিয়া চলে যান। মূলত এখন তাঁরাই গ্রেপ্তার হচ্ছেন। মালয়েশিয়ার পুলিশের ধারণা, দেশটিতে অন্তত চার লাখ অবৈধ অভিবাসী আছেন। এর মধ্যে অন্তত লাখ খানেক বাংলাদেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।