অবৈধভাবে অর্জিত সনদ দিয়ে চাকরি
পটুয়াখালীর বাউফল পৌর জামায়াতের আমির মো. আবদুর রশিদ অবৈধভাবে অর্জিত সনদ দিয়ে উপজেলা সদরের ছালেহিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।২০১১ সালে ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি মো. বজলাল হোসেন এ অভিযোগ করলেও এখনো পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।বজলাল হোসেন জানান, অভিযোগ দেওয়ার পর কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই বছরই তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিটি আবদুর রশিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে।বজলাল হোসেন অভিযোগ করেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতির জামায়াতপ্রীতি থাকায় এক বছরেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।ওই মাদ্রাসার কার্যালয় থেকে জানা গেছে, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ লেখাসংবলিত স্থানীয় একটি কওমি মাদ্রাসার সুপারের স্বাক্ষরিত সনদ দিয়ে জামায়াত নেতা আবদুর রশিদ ছালেহিয়া ফাজিল মাদ্রাসায় ১৯৮৮ সালের ১৫ জানুয়ারি কারি পদে যোগদান করেন। শিক্ষকতার সময় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই একই মাদ্রাসা থেকে তিনি ১৯৯০ সালে দাখিল (মুজাব্বিদ), ১৯৯৩ সালে আলিম ও ১৯৯৭ সালে ফাজিল পাস করেন। পরে ওই সনদ দিয়ে ২০০৩ সালের ১৮ অক্টোবর থেকে একই মাদ্রাসায় উচ্চতর বেতন স্কেলে সহকারী মৌলভি পদে তিনি শিক্ষকতা করছেন।শিক্ষা ভবনের এক সহকারী শিক্ষা পরিদর্শক জানান, শিক্ষকতা করার সময় কোনো উচ্চতর সনদ লাভ করতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তা না হলে ওই সনদ শিক্ষকতায় ব্যবহার করা যাবে না।অভিযোগের ব্যাপারে জামায়াত নেতা আবদুর রশিদ জানান, একই মাদ্রাসায় শিক্ষকতা করার সময় তিনি ব্যক্তিগতভাবে দাখিল, আলিম ও ফাজিল পাস করেন এবং কর্তৃপক্ষ তাঁকে কারি থেকে সহকারী মৌলভি পদে পদোন্নতি দেয়। তবে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান।জামায়াতপ্রীতির অভিযোগ অস্বীকার করে ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, ‘শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’