অবৈধভাবে অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে অবস্থিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার সময় অবৈধভাবে ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে। এর প্রতিকার চেয়ে একজন অভিভাবক গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। কলেজের অধ্যক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, আগামী ৩ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে মোট ৩২৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার সময় ৬০০ টাকা করে নিচ্ছে।
ইউএনওর কাছে লিখিত অভিযোগকারী অভিভাবক ও শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমেদ বলেন, ‘এ বিষয়ে অধ্যক্ষের কাছে বারবার গিয়েও প্রতিকার পাইনি। অবশেষে শিক্ষামন্ত্রীসহ সব দপ্তরে অভিভাবকদের পক্ষ থেকে আবেদন করেছি।’
অধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘টাকা নিয়েছি, সত্য। তবে কেন্দ্র খরচ, অতিথি আপ্যায়নসহ বিভিন্ন খরচ মেটানোর জন্যই এ টাকা নেওয়া হয়েছে।’