অবৈধভাবে ইজারা, উপইজারা দিয়ে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা-বাগান থেকে বালু উত্তোলনের জন্য বাগান কর্তৃপক্ষকে অবৈধভাবে নামমাত্র মূল্যে ইজারা দেওয়া হয়েছে। আবার ইজারা নিয়ে বালু উত্তোলন না করে তা এক কোটি টাকায় উপইজারা দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রের বড় অঙ্কের ক্ষতি হওয়ার পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করায় চা-বাগান এলাকায় ব্যাপক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।বিভিন্ন সূত্রের দাবি, এই পুরো প্রক্রিয়ায় সরকারদলীয় একজন প্রভাবশালী সাংসদ জড়িত। তাঁর কারণেই ভূমি মন্ত্রণালয় নিয়ম-কানুনের প্রতি কোনো তোয়াক্কা না করে বালু উত্তোলনে বাগান কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছে।তবে পরিবেশ অধিদপ্তর বলেছে, বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া পরিবেশ অধিদপ্তর পাহাড়ি এলাকায় বালু উত্তোলনের অনুমতি দেয় না।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাধবপুরে ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন জগদীশপুর চা-বাগানের পার্শ্ববর্তী ছড়ার ৯ দশমিক ৪৬ একর জায়গা থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসন গত ২৭ জুন বাগান কর্তৃপক্ষকে এক বছরের জন্য ইজারা দেয়। বাগান কর্তৃপক্ষ এর জন্য সরকারকে রাজস্ব দিয়েছে এক লাখ ৬৯ হাজার টাকা। তবে বাগান কর্তৃপক্ষ নিজেরা বালু উত্তোলন না করে এক কোটি টাকায় সাহা ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে উপইজারা দেয়। বর্তমানে এই প্রতিষ্ঠান বালু উত্তোলন করছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বাগানের ছড়া থেকে সাহা ব্রাদার্সের লোকজন বালু ও মাটি উত্তোলন করছেন। বাগানের ছড়ায় সারি সারি ট্রাক্টর বসিয়ে বালু উত্তোলন চলছে।বালু উত্তোলনে নিয়োজিত শ্রমিকেরা বলেন, প্রতিদিন দেড় থেকে ২০০ ট্রাক বালু উত্তোলন করা হচ্ছে। এই বালু হবিগঞ্জসহ দেশের নানা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁরা বলেন, নীতিমালা অনুযায়ী তিন ফুটের বেশি গর্ত না করার শর্ত থাকলেও বাস্তবে ৩০ ফুট, এমনকি কোথাও কোথাও এর বেশি গর্ত করে বালু উত্তোলন করা হচ্ছে। ৪০ ফুট প্রশস্ত এ ছড়া অনেকটা খালের আকার ধারণ করেছে।শ্রমিকেরা বলেন, ইজারাদারেরা শুধু বালু নয়, বালু উত্তোলন করতে গিয়ে ধসে পড়া পাহাড়ের মাটিও তুলে নিচ্ছেন। ফলে, পাহাড়ে নতুন করে ভাঙনের সৃষ্টি হচ্ছে। ধসে পড়ছে বাগানের পাহাড়।চা-শ্রমিক ভুবন মন্ডা বলেন, ছড়া থেকে পানি শুকিয়ে যাওয়ায় চা-গাছগুলো মরে যাচ্ছে। লাল হয়ে যাচ্ছে পাতা। উৎপাদনক্ষমতা হারাচ্ছে গাছগুলো।স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, গত বছর এ বাগান থেকে বালু উত্তোলনের ফলে বাগানের সঙ্গে উপজেলার সংযোগকারী রাস্তা ও একটি সেতু ধসে পড়ে।পরিবেশবাদীদের মতে, এ অবস্থা চলতে থাকলে চা-শিল্পের পরিবেশ এ অঞ্চলে রক্ষা করা যাবে না।হবিগঞ্জ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা তোফাজ্জল সোহেল বলেন, সরকারি এ বাগানের মাটি, বালু ও গাছগাছালি নিয়ে যেন হরিলুট চলছে। যেনতেনভাবে বালু উত্তোলন করায় ধ্বংস হয়ে যাচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। তিনি বলেন, যেভাবে বালু উত্তোলন চলছে, তাতে রাষ্ট্রের শত কোটি টাকা ক্ষতি ছাড়িয়ে যাবে।জানতে চাইলে সাহা ব্রাদার্সের স্বত্বাধিকারী পঙ্কজ সাহা প্রথম আলোকে বলেন, বিধিমতেই বালু উত্তোলন করা হচ্ছে।জগদীশপুর চা-বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহবুব হাসান বলেন, তাঁরা দরপত্র আহ্বান করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে বালু উত্তোলন করাচ্ছেন। কারণ, তাঁদের বালু উত্তোলন করার মতো লোকবল নেই।নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাশনাল টি কোম্পানির একজন ব্যবস্থাপক বলেন, চা-বাগান এলাকার ভেতর থেকে বালু উত্তোলনে ভূমি মন্ত্রণালয়ের বিধিনিষেধ আছে। আবার সেই ভূমি মন্ত্রণালয়ই জেলা প্রশাসনকে বলেছে ইজারা দিতে। সরকারদলীয় একজন প্রভাবশালী সাংসদ এ ব্যবসায় জড়িত থাকায় ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক ইজারা দিয়েছেন।যোগাযোগ করা হলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহম্মেদ উচ্চমহলের চাপের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চা-বাগান এলাকায় ইজারা দিতে চাইনি। ন্যাশনাল টি কোম্পানি ভূমি মন্ত্রণালয় থেকে চাপ তৈরি করায় ইজারা দিতে হয়েছে।’ তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর ১০৫৬ নম্বর স্মারকে চা-বাগান এলাকায় কোনো বালুমহাল ইজারা না দেওয়ার কথা জানিয়েছে। তবে এ চিঠি পাওয়ার আগেই জগদীশপুর চা-বাগানকে একসনা ইজারা দেওয়া হয়েছে। তবে উপইজারা দিয়ে বালু উত্তোলনের কোনো বিধান নেই।জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এনফোর্সমেন্ট মুনীর চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, পাহাড়, খাল বা নদী থেকে কেউ বালু উত্তোলন করতে চাইলে শুধু ভূমি মন্ত্রণালয়ের অনুমতিই যথেষ্ট নয়, এ জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন রয়েছে। বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া পরিবেশ অধিদপ্তর পাহাড়ি এলাকায় বালু উত্তোলনের অনুমতি দেয় না উল্লেখ করে তিনি বলেন, এভাবে বিনা অনুমতিতে কেউ বালু উত্তোলন করলে তা পরিবেশ সংরক্ষণ আইন-২০১০-এর লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এমন প্রমাণ পেলে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে পরিবেশ অধিদপ্তর। সূত্র জানায়, শুধু এবারই নয়, এর আগেও কয়েক দফায় বালু উত্তোলনের জন্য এই বাগান ইজারা দেওয়া হয়েছে।