অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে যা করা প্রয়োজন, বর্তমান সরকার এর সবকিছুই করবে—যাতে ভবিষ্যতে কেউ অবৈধভাবে ক্ষমতা দখলের সাহস না পায়।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে উচ্চ আদালত পৃথক দুটি রায়ে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করেছেন। এ দুটি রায়েই অবৈধভাবে ক্ষমতা দখলকে বেআইনি ও সংবিধানবহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে রায়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের সংবিধান লঙ্ঘনের জন্য আইন প্রণয়ন করে শাস্তির সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের এ রায়ের আলোকে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।শফিক আহমেদ বলেন, স্বাধীনতাযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর অধীনে করা সম্ভব। এই বিচার স ্পন্ন করার জন্য সংবিধান সংশোধন করার প্রয়োজন নেই। শহীদুজ্জামান সরকারের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের ২১৮টি উপজেলার সাবরেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। বর্তমানে ২০টি জেলা রেজিস্ট্রি অফিস এবং ৬৩টি সাবরেজিস্ট্রি অফিস নির্মাণের একটি প্রকল্প চলমান।সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জমি রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়ন করার উদ্দেশ্যে পর্যায়ক্রমে কম্পিউটারাইজেশন পদ্ধতি চালুর বিষয়টি সরকারের বিবেচনায় আছে। রিয়েল এস্টেট আইন পাসের মধ্য দিয়ে এ খাতে জাল-জালিয়াতির প্রবণতা কমবে।ঈদের আগেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণ সম্ভব হবে: সানজিদা খানম ও মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, কোরবানির ঈদের আগেই অ্যানথ্রাক্স রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। কেননা, গত ১৮ সেপ্টেম্বরের পর দেশে আর কোনো পশু এ রোগে আক্রান্ত হয়নি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত আটটি জেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত পশুর সন্ধান পাওয়া গেছে। জেলাগুলো হলো: সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও ও কিশোরগঞ্জ। এর মধ্যে এ পর্যন্ত সিরাজগঞ্জে ১৫টি গরু ও একটি ছাগল এবং পাবনায় ছয়টি গরু ও একটি ছাগল অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে।মন্ত্রী বলেন, অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। এরই মধ্যে এ রোগ পুরো নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামী ঈদে মানুষ নির্ভয়ে কোরবানি দিতে পারবে বলে সরকার আশা করছে।