অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ভুলুয়া খাল থেকে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে l ছবি: প্রথম আলো
নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ভুলুয়া খাল থেকে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে l ছবি: প্রথম আলো

নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ভুলুয়া খাল থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বালু তোলার কারণে ভাঙন ধরেছে খালপাড়ে। এতে হুমকির মুখে পড়েছে খালপাড়ের বাড়িঘর ও সড়ক।
স্থানীয় বাসিন্দারা বলেন, ছয়-সাত মাস ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে ভুলুয়া খাল থেকে অবৈধভাবে বালু তুলছেন।
সরেজমিনে দেখা যায়, ডিবি রোডসংলগ্ন এলাকায় বালু তোলার কাজে ব্যবহৃত দুটি পাম্পমেশিন পড়ে আছে। স্থানীয় লোকজন বলেন, আওয়ামী লীগ-সমর্থিত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আলমও বালু তোলার সঙ্গে জড়িত। তিনি সড়ক উন্নয়নকাজের জন্য ওই খাল থেকে বালু তুলে ঠিকাদারকে সরবরাহ করছেন।
স্থানীয় লোকজন বলেন, অবৈধভাবে খাল থেকে বালু তোলার কারণে খালের অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে খালের পাশের বাড়িঘর ও সড়ক। এ অবস্থায় আগামী বর্ষা মৌসুমে খালের পাড়ে তীব্র ভাঙন দেখা দিতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ২ নম্বর ওয়ার্ডের আবুয়ার ডগি এলাকার একাধিক বাসিন্দা প্রথম আলোকে বলেন, নদী থেকে বালু তোলার কিছুদিন পরই পাড়ে ভাঙন দেখা দিলে তাঁরা চেয়ারম্যানকে বিষয়টি জানান। কিন্তু চেয়ারম্যান বিষয়টি উপেক্ষা করে বালু তোলা অব্যাহত রেখেছেন। উল্টো চেয়ারম্যানের লোকেরা বলছেন, সরকারি কাজের জন্য বালু তোলা হচ্ছে। এ নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার বসাক বলেন, নদী-খাল থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। এ ছাড়া তীরে ভাঙনও দেখা দিতে পারে।
খাল থেকে বালু তোলার বিষয়টি স্বীকার করেন চেয়ারম্যান নূর আলম প্রথম আলোকে বলেন, ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করার কাজের জন্য ঠিকাদারের অনুরোধে তিনি এক ব্যক্তিকে দিয়ে খাল থেকে কিছু বালু উত্তোলন করিয়েছেন। কিন্তু তার আগে এলাকার আরও অনেকেই খাল থেকে বালু তুলেছেন। বালু তোলার কারণে সড়কে ফাটল কিংবা বাড়িঘর হুমকির মুখে পড়ার বিষয়টি তাঁর জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি সরেজমিনে দেখতে তহসিলদারকে পাঠানো হবে।