অবৈধভাবে গাছ কাটলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলা পরিষদ চত্বর ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নয়টি গাছ কেটে নিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ সিকদার। ক্ষমতার দাপট ও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে গাছগুলো কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা ছায়েদুর রহমান প্রথম আলোকে জানান, সরকারি ও সামাজিক বনায়নের গাছ কাটতে হলে বন বিভাগের কাছে আবেদন করতে হয়। বন বিভাগ মূল্য নির্ধারণ করে দেওয়ার পর দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি করা যায়। কিন্তু হিজলা উপজেলায় কোনো গাছ কাটার বিষয়ে তাঁদের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব বলেন, বিষয়টি তাঁকে জানানো হয়নি। জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান বলেন, জনপ্রতিনিধি বা কোনো ব্যক্তিই আইনের বাইরে নন।উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ সিকদার প্রথম আলোকে বলেন, তিনি দুটি গাছ কেটেছেন। বন বিভাগের অনুমতি প্রয়োজন ছিল। তবে ইউএনওর কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচলে সুবিধার জন্য এটা করা হয়েছে বলে দাবি করেন তিনি।