অবৈধভাবে গ্যাস বিক্রির সময় ১৪১ সিলিন্ডার জব্দ
কাভার্ড ভ্যানযোগে অবৈধভাবে গ্যাস বিক্রি করার সময় ১৪১টি সিলিন্ডার জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
ফোরকান এলাহি বলেন, একটি কাভার্ড ভ্যানে গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে সৈয়দবাড়ি এলাকায় বিভিন্ন সিএনজিচালিত অটোরিকশা ও গাড়িতে গ্যাস বিক্রি চলছিল। এটি কোনোভাবেই অনুমোদিত নয়। সিএনজি পাম্প থেকে না নিয়ে এভাবে গ্যাস নেওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।
অভিযানে ১৪১টি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়। সিলিন্ডারগুলো একটির সঙ্গে আরেকটি পাইপ দিয়ে সংযুক্ত।
গত বুধবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে দুজনকে আটক করে তিন মাসের কারাদণ্ড দেয়। ওই দিন ১৫১টি সিলিন্ডার জব্দ করা হয়।
গতকাল জব্দ করা সিলিন্ডারগুলো কেজিডিসিএলকে দেওয়া হয়েছে। এগুলো ধ্বংস করা হবে কি না, সে বিষয়ে বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। অভিযানে অংশ নেওয়া কেজিডিসিএলের উপসহকারী প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ বলেন, লোহা কাটার সময় যেসব গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, ওই ধরনের বড় বড় সিলিন্ডারে করে গ্যাস বিক্রি করা হচ্ছিল।