অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহররক্ষা বাঁধ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার যুবলীগ নেতা জাহিদ হাসানের ইট ও বালুর ব্যবসাপ্রতিষ্ঠানসহ ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রথম দিনে বাঁধের জায়গা দখল করে জাহিদের নির্মাণ করা পঞ্চসার ইউনিয়ন যুবলীগের কার্যালয়টিও উচ্ছেদ করা হয়েছে। জব্দ করা হয় তীর ঘেঁষে জমা করা বিপুল পরিমাণ বালু।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবু সাঈদ বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান চালান। এতে সহযোগিতা করে পুলিশ। মাথায় লাল কাপড় বেঁধে শ্রমিকেরা উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার বলেন, উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া। নয়াগাঁওয়ের চাঁদতারা মসজিদ থেকে মিরেশ্বরাই পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলোও উচ্ছেদ করা হবে। প্রতিটি স্থানে জেলা প্রশাসনের সতর্কতামূলক সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও চাঁদতারা মসজিদের কাছ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সেখানেই যুবলীগ নেতা জাহিদের বালুর ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি এখানে বাঁধ ঘেঁষে বিশাল এলাকাজুড়ে আদিবা অ্যান্ড নাভা এন্টারপ্রাইজ নামের সাইনবোর্ড টাঙিয়ে ইট ও বালুর ব্যবসা করে আসছিলেন। ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করার পাশাপাশি স্তূপ করা বালুও জব্দ করা হয়েছে।
জাহিদের ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদের পর বাঁধের জমি দখল করে তাঁরই নির্মাণ করা পঞ্চসার ইউনিয়ন যুবলীগের কার্যালয়টিও অপসারণ করা হয়। সেখানে জাহিদের গড়ে তোলা আরও চার-পাঁচটি দোকান উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় পুকুর, খাল ও নিচু জমি ভরাট করার কাজে ব্যবহৃত তাঁর ড্রেজার মেশিনের পাইপ।
ধলেশ্বরীর তীর ঘেঁষে রিকাবীবাজার থেকে হাটলক্ষ্মীগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার বাঁধ ও বাঁধের তীর ঘেঁষে অবৈধভাবে ইট ও বালুর ব্যবসা করে আসছিল ১৩-১৪টি প্রতিষ্ঠান। এ ছাড়া বাঁশ পুঁতে জেটি নির্মাণ করায় এবং কয়েকটি অটোরাইস ও হাস্কিং মিলের পয়োনিষ্কাশনের পাইপ নদীর সঙ্গে সংযোগ দেওয়ায় বাঁধের ১৪-১৫টি স্থানে ব্লক ধসে পড়েছে।
এ নিয়ে ৪ জুলাই প্রথম আলোতে ‘বাঁধের বারোটা বাজিয়ে ব্যবসা’ এবং ২৯ জুলাই ‘এক জাহিদের অনেক কীর্তি’ শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়।