অবৈধভাবে চ্যানেল সম্প্রচারের দায়ে সাতজনের জেল
ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল অবৈধভাবে সম্প্রচারের দায়ে রাজশাহী নগরের একটি কেব্ল অপারেটরের কার্যালয় সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার অভিযানকালে কার্যালয়টির সাত কর্মকর্তা-কর্মচারীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির নাম নিউ উত্তরা কমিউনিকেশন কেব্ল অপারেটর। এটি পাঠানপাড়া এলাকায় অবস্থিত। এর মালিক খন্দকার রাজিব ওরফে সোহেল। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সারওয়ার আলম সেখানে অভিযানে নেতৃত্ব দেন। এ সময় র্যাব-৫-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন শাহীন রেজা, জহির হোসেন, সাগর, পারভেজ, শামীম হোসেন, আতিকুল ইসলাম ও সাগর।
নির্বাহী হাকিম সারওয়ার আলম বলেন, ওই কেব্ল অপারেটরের কার্যালয় থেকে ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল অবৈধভাবে সম্প্রচার করা হচ্ছিল। এ জন্য অবৈধভাবে হুন্ডির মাধ্যমে ভারতের প্রতিষ্ঠানগুলোকে টাকা দিতে হতো। সরকারকে এ জন্য কর দেওয়া হতো না। পোগো, ফ্যাশন টিভি, হাঙ্গামা টিভি, মুভিজ নাউ নামের চ্যানেলগুলোর সম্প্রচার এ দেশে নিষিদ্ধ। গতকাল বিকেলে অভিযানের সময় সরঞ্জাম জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
সারওয়ার আলম আরও বলেন, অবৈধভাবে চ্যানেল চালাতে গিয়ে ওই প্রতিষ্ঠানটির মালিক প্রতি মাসে অন্তত ৩৫ লাখ টাকা ভারতে হুন্ডির মাধ্যমে পাচার করতেন। এ সময় প্রতিষ্ঠানটির মালিক খন্দকার রাজিব না থাকায় তাঁকে আটক করা যায়নি। তাঁর বিরুদ্ধে মামলা হবে।