অবৈধভাবে ছাত্রলীগ নেতাকে বালু তোলার অনুমতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও বাঁধ হুমকিতে ফেলে খুলনার রূপসা উপজেলার আঠারো বাকী নদী থেকে বালু তোলা হচ্ছে। ছাত্রলীগের স্থানীয় এক নেতা শ্রমিক নিয়োগ করে এ কাজ করছেন। আর আইন লঙ্ঘন করে তাঁকে বালু তোলার অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন।ছাত্রলীগের ওই নেতার নাম কামরুল ইসলাম সরদার। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিন মাস ধরে তিনি উপজেলার শ্রীফতলা গ্রাম এলাকা থেকে বালু তুলছেন।বালুমহাল ইজারা প্রদান আইনের ৪-এর খ ধারায় উল্লেখ আছে কালভার্ট, সেতু, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ।এই আইন লঙ্ঘন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম কামরুল ইসলাম সরদারকে ওই নদীর নন্দনপুর থেকে আলাইপুর সেতু এলাকা পর্যন্ত ুচন্দ্রঘাতি বালুমহাল ইজারা দিয়েছেন। এক বছরের জন্য মাত্র ৪৭ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাসে এই ইজারা দেওয়া হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর ধরে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। কামরুল ইসলাম এলাকার পাঁচ-ছয়জনকে শ্রমিক নিয়োগ করে বালু তোলার দায়িত্ব দিয়েছেন।এলাকাবাসী আরও অভিযোগ করে, এভাবে বালু তোলায় শ্রীফতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে ভাঙন দেখা দিয়েছে। বালু তোলা বন্ধ না করলে নদীর তীরে ব্যাপক ভাঙন দেখা দেবে। একই সঙ্গে এলাকার বাঁধ ও সড়ক হুমকির মুখে পড়বে।ইউএনও মনিরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই স্থান থেকে বালু তোলা হচ্ছিল। আমরা এ বছর দরপত্র আহ্বানের মাধ্যমে ৪৭ হাজার টাকায় ইজারা দিয়েছি। তবে এতে যদি নদীভাঙন দেখা দেয় এবং পরিবেশের ক্ষতি হয়, তবে বালু উত্তোলন বন্ধ করে দেব। এ ব্যাপারে আমি লোক পাঠিয়ে এখনই খবর নিচ্ছি।’সরেজমিন দেখা গেছে, নদীর মধ্যে চারটি শ্যালোযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। যে স্থান থেকে বালু তোলা হচ্ছে, ওই স্থানের ৬০ হাত দূরে বেড়িবাঁধ এবং ৪০০-৫০০ হাত দূরে সেনেরবাজার-তেরখাদা মহাসড়ক। বালু তোলার কারণে এলাকায় নদীভাঙন শুরু হয়েছে।পালের হাটবাজারের কবির হোসেন বলেন, ‘বেশ আগে আমাদের এই পাশ (উত্তর) ভাঙনের কবলে পড়েছিল। এভাবে বালু তোলায় আবার নদীর তীরে ভাঙন শুরু হয়েছে।’ছাত্রলীগের নেতা কামরুল ইসলাম সরদার বলেন, ‘বালু কীভাবে তোলা হচ্ছে তা আমি জানি না। এটা যাঁরা তুলছেন তাঁদের ব্যাপার। আমি নন্দনপুর থেকে আলাইপুর সেতু পর্যন্ত ইউএনও সাহেবের কাছ থেকে ইজারা নিয়েছি। যারা বালু তুলছে, তারা আমাকে কিছু টাকা দেয়।’খুলনা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তরুণ কান্তি শিকদার প্রথম আলোকে বলেন, ‘ওই স্থান থেকে বালু তোলা যাবে কি না তা জানার জন্য উপজেলা প্রশাসন থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছিল। কিন্তু সে মতামত এখনো নেওয়া হয়নি। এ ছাড়া বালু তোলার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। কিন্তু তা-ও নেওয়া হয়নি।’