অবৈধভাবে ছাত্রী ভর্তির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে অবৈধভাবে বেশ কয়েকজন ছাত্রী ভর্তি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ছাত্রীর অভিভাবক জেলা প্রশাসকের কাছে ২৭ মার্চ লিখিত অভিযোগ দেন।এতে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন বেশ কয়েকজন সরকারি কর্মচারীর বদলিজনিত কারণ দেখিয়ে তাঁদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করেছেন। অথচ তাঁরা আদৌ বদলি হয়ে নওগাঁয় আসেননি। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদেরও সরকারি কর্মজীবী উল্লেখ করে এবং বদলিজনিত কারণ দেখিয়ে তাঁদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করেছেন। একই কারণ দেখিয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্রীদেরও তিনি ভর্তির সুযোগ করে দিয়েছেন। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, নবম শ্রেণীর ‘গ’ শাখার ৫০ রোল নম্বরের এক শিক্ষার্থীর অভিভাবক একমি ল্যাবরেটরিজ নামের একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। ওই অভিভাবককে সরকারি কর্মচারী দেখিয়ে এবং সম্প্রতি তিনি নওগাঁয় বদলি হয়ে এসেছেন মর্মে উল্লেখ করে গত ২২ মার্চ তাঁর সন্তানকে ভর্তির সুযোগ দেওয়া হয়।একইভাবে অষ্টম শ্রেণীর ‘গ’ শাখার ৪৬ রোল নম্বরের এক শিক্ষার্থীর অভিভাবক প্রায় সাত বছর ধরে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে কর্মরত। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই কর্মচারীর বদলিজনিত কারণ দেখিয়ে তাঁর সন্তানকে বিদ্যালয়ে ভর্তির অনুমতি দেয়।তৃতীয় শ্রেণীর ‘গ’ শাখার ৬৭ রোল নম্বরের এক শিক্ষার্থী বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। পরে বাবার বদলিজনিত কারণ দেখিয়ে গত ২৯ মার্চ ওই শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেওয়া হয়। এই শিক্ষার্থীর অভিভাবক প্রায় ১৩ বছর ধরে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে কর্মরত। সম্প্রতি তাঁকে কোথাও বদলি করা হয়নি বলে জেলা সিভিল সার্জন সোলায়মান আল ফারুক জানিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সরকারি নীতিমালা মেনেই শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কোনো রকম অনিয়ম করা হয়নি। নির্ধারিত সময়ের পরে ভর্তি করা ওই সব শিক্ষার্থীর বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির অনুমতি নেওয়া আছে।অভিভাবকদের কাছ থেকে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নওগাঁর জেলা প্রশাসক মোসামঞ্চৎ নাজমানারা খানম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।