অবৈধভাবে টিলার মাটি কাটার দায়ে তিনজনের জেল জরিমানা
অবৈধভাবে টিলার মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকায় তিনজনকে আটক করে জেল জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার বন্ধে গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন। এ সময় অবৈধভাবে টিলার মাটি কাটার অভিযোগে আদালত জগন্নাথপুরের মো. তাজুল ইসলামকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন এবং দুই হাজার টাকা জরিমানা, জগন্নাথপুরের ফুল মিয়া ও শ্যামেরকোনার মো. আনকার মিয়াকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। সদর থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অবৈধভাবে টিলার মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের একজনকে জেল ও জরিমানা এবং দুজনকে শুধু জরিমানা করা হয়েছে।