অবৈধভাবে টোল আদায় ও বাসা ভাড়া নিচ্ছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রশিদুজ্জামান মোড়ল নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি ভবনে পরিবার নিয়ে বাস করছেন। কিন্তু তিনি বেআইনিভাবে প্রতি মাসে বাসা ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা করে নিচ্ছেন। ভবনটিকে কার্যালয় দেখিয়ে তিনি ভাড়ার টাকা নিচ্ছেন।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে কপোতাক্ষ নদের তীরে ব্যক্তিগত ঘাট নির্মাণ করে টোল আদায়েরও অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ জানুয়ারি রশিদুজ্জামান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একই বছরের ২২ ফেব্রুয়ারি শপথ নেন। এর পর থেকে তিনি উপজেলা পরিষদসংলগ্ন একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস শুরু করেন। এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় তিনটি করে মোট ছয়টি কক্ষ আছে। উপজেলা নির্বাচন চলাকালে এটি উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়েছে। নির্বাচনের পর কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।
ভবনের নিচতলায় উপজেলা চেয়ারম্যান, তাঁর অফিস সহকারী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় আছে। ভবনটি সরকারি বিধায় নিয়মানুযায়ী তিনি আর বাসা ভাড়া নিতে পারেন না। অথচ ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দুই লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগার থেকে নিয়েছেন।
সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিউর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান পরিবার নিয়ে যে ভবনে থাকেন সেটি সরকারি। তাই কোনোভাবেই তিনি ভাড়া নিতে পারেন না। কিন্তু তিনি ওই ভবনটিকে নিজের কার্যালয় দেখিয়ে বাসা ভাড়া নিচ্ছেন; যা সম্পূর্ণ বেআইনি।
উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল বলেন, ‘আমাদের চেয়ারম্যানদের তেমন কোনো সুযোগ নেই। এই একটু সুযোগ আছে। অন্য জায়গায় থাকলে তো বাসা ভাড়া লাগত, তাই নিই। তার পরও এত ছোট জায়গা যে থাকাই যায় না।’
এলাকার কয়েকজন জানান, রশিদুজ্জামান আইন লঙ্ঘন করে উপজেলার আঘরঘাটা বাজারসংলগ্ন কপোতাক্ষ নদে একটি ঘাট নির্মাণ করেছেন। ওই ঘাটের ৫০ গজ উত্তরে জেলা পরিষদের একটি ঘাট আছে। সরকারি নিয়মানুযায়ী একটি ঘাটের কমপক্ষে এক কিলোমিটার দূরে আরেকটি ঘাট থাকবে। কিন্তু ওই নিয়ম চেয়ারম্যান মানেননি। তা ছাড়া ওই ঘাট নির্মাণের সময় জেলা পরিষদের অনুমতি নেওয়ার কথা থাকলেও তিনি নেননি। ঘাট থেকে মালামাল ওঠানো-নামানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে মণপ্রতি এক টাকা করে টোল আদায় করছেন।
চেয়ারম্যানের ঘাটের টোল আদায়কারী আশসাদ উদ্দিন মোড়ল বলেন, ‘এই ঘাট দিয়ে কোনো লোক ওঠে না। শুধু মালামাল ওঠানো-নামানো হয়। আমরা মণপ্রতি এক টাকা করে আদায় করি।’
এ ব্যাপারে সদ্যবিদায়ী ইউএনও কাজী আতিউর রহমান বলেন, ঘাটটি সম্পূর্ণ অবৈধ। জেলা প্রশাসকের কাছ থেকে ঘাটের অনুমতি নিতে হয়। কিন্তু তিনি কোনো অনুমতি নেননি।
অবৈধভাবে ঘাট নির্মাণের কথা স্বীকার করে রশিদুজ্জামান বলেন, ‘আমি যে স্থানে ঘাট করেছি, ওই স্থান দিয়ে আগে থেকেই আঘরঘাটা বাজারের মালামাল আনা-নেওয়া করা হতো। আমি ওই বাজারের ব্যবসায়ীদের বলেছিলাম, আমি ঘাট পাকা করে দিচ্ছি। বিনিময়ে টোলের টাকা দিতে হবে। ওই টাকা দিয়ে বেগম সামসুর নাহার প্রাথমিক বিদ্যালয় ও একটি হেলথ সেন্টারের খরচ চলে।’