অবৈধভাবে তেল মজুদ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ১১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত জয়পুরহাটের মেসার্স সালমা এন্টারপ্রাইজ নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গত রোববার তাঁকে এ দণ্ড দেওয়া হয়। ওই দিনই প্রতিষ্ঠানটির গুদামে অভিযান চালিয়ে উল্লিখিত পরিমাণের সয়াবিন তেল জব্দ করেন আদালত। আদালত সূত্র জানায়, গত শনিবার রাত সোয়া ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাসের নেতৃত্বে র্যাব ও পুলিশ সদস্যরা শহরের সদর রোডে আরাফাত সুপার মার্কেট চত্বরে সালমা এন্টারপ্রাইজের তিনটি গুদামে অভিযান চালান। সালমা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদ। অভিযানের সময় তাঁর গুদামগুলোতে ১১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এসব তেল বোতলে ছিল। তবে বোতলের গায়ে লেখা খুচরা মূল্য ঘষে উঠিয়ে ফেলা হয়েছিল এবং এগুলোর গায়ে কোনো লেবেল ছিল না। আদালত এ সময় অবৈধভাবে তেল মজুদ করার দায়ে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মাহবুব আলমকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মাহবুব আলম তাৎক্ষণিকভাবে জরিমানার ৫০ হাজার টাকা দেওয়ায় আদালত তাঁকে ছেড়ে দেন। মাহবুব আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, আবুল কালাম আজাদ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য ও বেশি মুনাফার আশায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করেছিলেন। জব্দ করা তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রচলিত আইনে মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, জব্দ করা তেল থানায় আনা হয়েছে।