অবৈধভাবে তোলা বালু-মাটি পরিবহনে ঘাঘটে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের তামপাট এলাকায় ঘাঘট নদের দুই স্থানে আড়াআড়িভাবে মাটির সড়ক তৈরি করে অবৈধভাবে উত্তোলন করা মাটি-বালু পরিবহন করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর ইসলাম এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার সরেজমিনে জানা যায়, নগরের ৩২ নম্বর ওয়ার্ডের তামপাট এলাকার বিশ্বরোড-সংলগ্ন দমদমা সেতুর প্রায় ৫০০ গজ দূরে ঘাঘট নদে মাটি কেটে ট্রাক চলাচলের জন্য সড়ক করা হয়েছে। তবে নদের পানিপ্রবাহের জন্য নির্মিত সড়কের মাঝখানে সামান্য ফুটো রাখা হয়েছে।এলাকাবাসী জানান, তিন বছর ধরে ঘাঘট থেকে অবৈধভাবে মাটি-বালু তুলছেন আমিনুর। তাঁর এ ব্যবসা বন্ধের জন্য প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হয় না। এমনকি বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও বালু-মাটি উত্তোলন বন্ধ হয়নি। ফলে ওই এলাকার আশপাশের আবাদি জমি ভেঙে গেছে অনেক কৃষককের। আমিনুর ইসলাম বলেন, পলি পড়তে পড়তে ঘাঘট ভরাট হয়ে যায়। তাই সেখান থেকে মাটি-বালু তুলে তিনি ব্যবসা করছেন। এতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও সহকারী কমিশনার জিলুফা সুলতানা জানান, বিষয়টি তাঁর জানা নেই। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।