অবৈধভাবে নদীর বালু তুলে খাল ভরাট, দোকান বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি খাল ভরাট করার অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। ভরাট করা খালের জায়গা ইতিমধ্যে টাকার বিনিময়ে বরাদ্দ দিয়েছেন তিনি।৪ জানুয়ারি বাজিতপুর এলাকার মো. মঙ্গল মোল্লা ও দাদপুর এলাকার হাসেম শেখ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পানিসম্পদমন্ত্রীর কাছে আবেদন করেছেন। লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চিতারবাজারসংলগ্ন ১৪২ নম্বর বাজিতপুর মৌজার এসএ ৫ নম্বর দাগের ২৫ শতাংশ জমি জেলা প্রশাসনের অধীন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। ভূমি জরিপ নকশায় ওই জমিতে ৪০ ফুট প্রস্থের একটি খাল রয়েছে। কিন্তু খালটির বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই। নদী থেকে অবৈধভাবে বালু তুলে খালটি ভরাট করা হয়েছে। সেখানে ছোট-বড় প্রায় ২০টি দোকানঘর টাকার বিনিময়ে বরাদ্দ দিয়েছেন ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা।এলাকাবাসী জানায়, আকারভেদে একেকটি প্লটের জন্য সর্বোচ্চ তিন লাখ থেকে সর্বনিম্ন এক লাখ টাকা হিসাবে ওই জায়গা থেকে চেয়ারম্যান প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। খালের জমিতে ঘর উত্তোলনকারী বাজারের ব্যবসায়ী ডোবরা গ্রামের মো. আক্কাচ শেখ, দাদপুরের নিরঞ্জন সেন, লক্ষ্মীপুুরের মহাদেব কুণ্ডু জানান, ওই জমিতে ঘর তোলার জন্য তাঁদের কোনো অনুমতিপত্র বা জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র নেই। চেয়ারম্যান শামীম মোল্লা তাঁদের ওই ঘর তোলার অনুমতি দিয়েছেন এবং ভূমি অফিস থেকে কাগজপত্র তৈরি করে দেবেন বলে জানিয়েছেন।চিতারবাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক এম এ মাজেদ বলেন, ২০১০ সালে বণিক সমিতির সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা বণিক সমিতির তহবিল বৃদ্ধির কথা বলে সমিতির টাকায় বাজারের খালের ওই অংশ ভরাট করেন। এ জন্য সমিতির তহবিল থেকে ব্যাংক চেকের মাধ্যমে ৬৫ হাজার টাকাও নেন তিনি। কিন্তু পরে ভরাট করা ওই খালের জমিতে ব্যবসায়ীদের টাকার বিনিময়ে ঘর উত্তোলনে সহযোগিতার মাধ্যমে চেয়ারম্যান নিজেই বিপুল অঙ্কের টাকা হজম করে ফেলেছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, কুমার নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারি ওই খাল ভরাটের অভিযোগে ২০১০ সালের ২৮ এপ্রিল তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবালের ভ্রাম্যমাণ আদালত শামীম মোল্লাকে আটক করেন। ওই দিনই তিনি এ ধরনের কাজ না করার লিখিত মুচলেকা ও অঙ্গীকারনামা দিয়ে ছাড়া পান। উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার গোলাম মোর্শেদ খান বলেন, নকশায় বাজিতপুর মৌজার ৫ নম্বর এসএ দাগের ২৫ শতাশং জমি খাল হিসেবেই রয়েছে। তিনি আরও বলেন, ‘খালের ওই জমির শ্রেণী পরিবর্তন করা হয়নি। তাই ওই জমি বন্দোবস্ত পাওয়ারও কারও সুযোগ নেই।’এ প্রসঙ্গে শামীম মোল্লা জানান, খালটি আগেই অকেজো হয়ে পড়েছিল। বাজারের সৌন্দর্য রক্ষায় সেখানে কয়েকটি ঘর তোলার অনুমতি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, দোকান নির্মাণের পাশাপাশি ভরাট করা ওই জায়গায় বণিক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও মৎস্য শেড করা হবে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘প্রতিপক্ষরা আমাকে হেয় করার জন্য আমার নামে মিথ্যা অভিযোগ আনছে।’ তবে তিনি স্বীকার করেন, মাটি ভরাট করার খরচ বাবদ ব্যবসায়ীদের কাছে কিছু টাকা চাওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান বলেন, চিতারবাজারে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, খাল ভরাট করে দোকানঘর নির্মাণের বিষয়ে কেউ তাঁকে কিছু জানায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।