অবৈধভাবে নদের বালু তুলে খাল ভরাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম মোল্লার বিরুদ্ধে খাল ভরাট করে জায়গা দখলের অভিযোগ উঠেছে। ২০ দিন ধরে কুমার নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলে তিনি এ খালটি ভরাট করছেন বলে স্থানীয় সূত্রগুলো বলছে।সরেজমিনে দেখা যায়, বোয়ালমারী-চিতারবাজার সড়কের পাশে বাজিতপুর মৌজার এসএ ২৭২ ও ২৭৪ দাগে শামীম মোল্লার মালিকানাধীন ৫২ শতাংশ জমির ভরাটকাজ চলছে। এই জমিসংলগ্ন এসএ ২৬৯ নম্বর দাগে রয়েছে খালটি। তিনি তাঁর জমির সঙ্গে খালেরও একাংশ ভরাট করছেন। পাশের কুমার নদ থেকে ড্রেজার দিয়ে এই বালু ফেলা হচ্ছে।এসব কাজের দেখভালের দায়িত্বে নিয়োজিত থাকা সাহেব আলী জানান, জমি ভরাট করে এখানে বাড়ি ও বিপণিবিতান নির্মাণ করা হবে।ড্রেজারের অপারেটর বিদ্যুৎ বাড়ৈ বলেন, ‘আমরা চারজন শ্রমিক ২০ দিন ধরে বালু তোলার কাজ করছি। প্রতিদিন তিন-চার হাজার ঘনফুট বালু তোলা হয়।’এ ব্যাপারে শামীম মোল্লা বলেন, ‘একজন চেয়ারম্যান হলেও আমার নিজের মাথা গোঁজার ঠাঁই নেই। এ জন্য অন্যায় হলেও ড্রেজার দিয়ে বালু তুলে জায়গাটি ভরাট করছি। ২৬৯ নম্বর দাগের খালের কিছু অংশ হয়তো আমার ভরাট এলাকার মধ্যে থাকতে পারে।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বোয়ালমারী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান ভূঁইয়া জানান, নদী থেকে বালু তুলতে পাউবোর অনুমোদন লাগে। তাই বালু তোলার কোনো অনুমোদন পাউবো থেকে দেওয়া হয়নি।বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান বলেন, ‘এ অভিযোগ আমি আগেই পেয়েছি। চিতারবাজারের সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে। এর প্রক্রিয়া শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ড্রেজার অপসারণের জন্য স্থানীয় ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলাম। কিন্তু এর জন্য আমাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় নির্দেশ কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। তার পরও আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।’