অবৈধভাবে পাথর তোলা চলছেই
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় যন্ত্র দিয়ে অবৈধভাবে পাথর তোলা চলছেই। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রশাসনকে ম্যানেজ করে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রিল-ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা বন্ধের দাবিতে কিছুদিন আগে তেঁতুলিয়া উপজেলার পাথরশ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করেন। তখন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে ড্রিল ড্রেজার মেশিন জব্দের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনার এক সপ্তাহ না যেতেই আবারও ওই মেশিন দিয়ে নির্বিচারে পাথর তোলা শুরু হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী পাথর ব্যবসায়ী প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করে উপজেলার বিভিন্ন এলাকার সমতলভূমি এবং করতোয়া ও ডাহুক নদী-সংলগ্ন খাসজমি থেকে অবৈধভাবে ড্রিল ড্রেজার মেশিন দিয়ে নির্বিচারে পাথর তুলছে। এই মেশিন দিয়ে মাটির ১০০ থেকে ১৫০ ফুট নিচ থেকে সহজেই পাথর তোলা যায়। এতে উপজেলার মাটির নিচে বিশাল ফাঁকা জায়গা সৃষ্টি হওয়ায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে মেশিনসহ পাথর তোলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করলেও তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয় না।গত বৃহস্পতিবার ভজনপুর এলাকার করতোয়া নদী থেকে একটি মেশিনসহ দুজনকে আটক করে পুলিশ। সেখান থেকে ভজনপুর মালিগছ এলাকার মো. মস্তোফা ও জাহাঙ্গীর হোসেন নির্বিচারে পাথর তুলছিলেন। হাতেনাতে আটক করার পরও অজ্ঞাত কারণে পুলিশ তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায়। ভজনপুর এলাকার পাথর ও মাটিকাটা শ্রমিক সমিতির সভাপতি আবু তাহের বলেন, ড্রেজার মেশিনের মালিকেরা উপজেলার যেসব এলাকা থেকে পাথর তোলেন, সেসব এলাকায় সন্ত্রাসীদের বসিয়ে এবং দেশীয় অস্ত্র মজুদ করে রাখেন। কেউ বাধা দিতে গেলে তাঁরা হামলা চালায়।