অবৈধভাবে পেট্রল বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ
লাইসেন্সধারী বিক্রেতা ছাড়া অন্য কারও কাছে পেট্রল ও অকটেন বিক্রি (খুচরা) না করতে ফিলিং স্টেশনের মালিকদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ ছাড়া অবৈধভাবে পেট্রল বিক্রেতাদের বিরুদ্ধে আজ মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করারও নির্দেশ দেন তিনি। গতকাল সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ফিলিং স্টেশন মালিক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশ দেন।
হরতাল-অবরোধে পেট্রলবোমার ব্যবহার রোধে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং ফিলিং স্টেশনের মালিক ও লাইসেন্সধারী খুচরা বিক্রেতাদের মধ্যে এ বৈঠক হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
মেজবাহ উদ্দিন বলেন, ‘যারা আজ পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের একদিন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে বিচার করা হবে।’ তিনি বলেন, ‘পুলিশ সব জায়গায় নিরাপত্তা দিতে পারবে না। আমাদের প্রত্যেককে এই সহিংসতা রোধে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’
ফিলিং স্টেশনের মালিক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘পেট্রল ও অকটেন বিক্রির সময় নিয়মিত রেজিস্টারে লিপিবদ্ধ করুন। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে সোপর্দ করুন।’
সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘টাকার বিনিময়ে একটি চক্র নিম্ন আয়ের মানুষকে নাশকতা সৃষ্টির কাজে ব্যবহার করছে।’
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক, বাংলাদেশ পেট্রল ডিজেলস অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এহসানুর রহমান।