অবৈধভাবে বালু উত্তোলন বিলীন হওয়ার মুখে গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানাসংক্রান্ত জটিলতার সুযোগ নিয়ে মেঘনা নদী থেকে অবাধে বালু তুলছেন একজন ইজারাদার। ফলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আস্ত একটি গ্রাম এখন বিলীন হওয়ার মুখে পড়েছে।
চরলাপাং নামের গ্রামটির শতাধিক বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা সাম্প্রতিক মাসগুলোতে নদীগর্ভে হারিয়ে গেছে। অব্যাহত ভাঙনের মুখে অবশিষ্ট দুই শতাধিক বাড়িঘরের প্রায় দেড় হাজার পরিবারও এখন শেষ পরিণতি দেখার অপেক্ষায়।
বালু তোলা বন্ধের দাবিতে গ্রামবাসীর পক্ষে কয়েকজন গত ২৮ মে নবীনগর প্রেসক্লাব, স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, মেঘনা নদীর নবীনগর অংশে সরকারিভাবে বালুমহাল ইজারা দেওয়া এখন বন্ধ। কিন্তু নরসিংদীর রায়পুরা উপজেলার বালু ব্যবসায়ী উজ্জ্বল সরকার মেঘনা নদীর উত্তর ও দক্ষিণ অংশে অবস্থিত চরলাপাং গ্রামের কাছ থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলছেন। গত এপ্রিল মাস থেকে এভাবে বালু তোলা হচ্ছে।
গ্রামবাসী বলছেন, চরলাপাং গ্রামের উত্তর দিকের তিন শতাধিক পরিবারের বাড়িঘরের পাশাপাশি একটি বাজার, একটি মসজিদ ও একটি ডাকঘর বিলীন হয়ে গেছে। অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে এখন অব্যাহত ভাঙনের মুখে চরম হুমকিতে রয়েছে গ্রামের উত্তর ও দক্ষিণ অংশের চরপাড়া, কবরস্থান, গ্রামের নতুন বাজার, মাদ্রাসা, স্যাটেলাইট ক্লিনিক, ফসলি জমি এবং শতাধিক বাড়িঘরের দেড় হাজার পরিবার। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে গ্রামের উত্তর দিকের শতাধিক পরিবার। দ্রুত ব্যবস্থা না নিলে এবারের বর্ষাতেই গ্রামের এসব অংশ বিলীন হয়ে যাবে।
নবীনগর লঞ্চঘাট থেকে নৌকায় এক ঘণ্টার পথ চরলাফাং। মেঘনার ওপারে পশ্চিম দিকে নরসিংদীর রায়পুরা। এপারে নদীর উত্তর ও পূর্ব দিকে চরলাফাং গ্রামের চরপাড়া। গ্রামে ঢুকতেই ভাঙন চোখে পড়ে।
১৭ জুন সরেজমিনে দেখা যায়, মেঘনার পূর্ব দিকে চলছে চরলাপাং গ্রামের চরপাড়ার ভাঙন; অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিকের অংশে মেঘনার ভেতরে চলছে বালু উত্তোলন। নদীর দুই দিকে চারটি ইঞ্জিনচালিত বড় খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছে। নদীর গভীর থেকে তোলা পানিসহ বালু পড়ছে স্টিলের বড় নৌকায়। পানি সরে যাওয়ার পর বালু পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
নদীর দক্ষিণ দিকে থাকা শাহাজালাল ড্রেজিং প্রকল্পের ব্যবস্থাপক উজ্জ্বল মিয়া বলেন, নৌকাভেদে একটিতে আড়াই হাজার ফুট থেকে পাঁচ হাজার ফুট বালু তোলা হয়। প্রতিদিন গড়ে একটি ড্রেজার দিয়ে আট-দশটি নৌকায় বালু তোলা হয়।
চরলাপাং গ্রামের নতুন বাজার এলাকায় কথা হয় মো. সেলিম, হোসেন মিয়া, রহিছ মিয়াসহ অন্তত ২৫ জনের সঙ্গে। তাঁরা জানান, গ্রামের উত্তর দিকে দুই-আড়াই বছর আগেও তাঁদের ঘরবাড়ি ও দোকানপাট ছিল। পাড় ভেঙে বাজারসহ সবকিছু বিলীন হয়ে গেছে।
স্থানীয় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে প্রবল ঢেউ আসছে। এই ঢেউয়ের প্রভাবে চরলাপাং গ্রামের উত্তর দিকের অংশ প্রতিদিন ভাঙছে।
গ্রামের উত্তরাংশে ভাঙতে ভাঙতে মেঘনা সত্তরোধ্ব৴ বয়সী হাজেরা খাতুনের টিনের ঘর থেকে হাত পাঁচেক দূরে চলে এসেছে। তবু ঝুঁকি নিয়ে সেখানে বাস করছেন তিনি। হাজেরা বলেন, ‘প্রতি রাতে ঘুমানোর সময় মনে অই, ঘর ডাইব্যা গেছে। আতঙ্কে আছি, কোন দিন যে ঘরখানা নদীতে চইলা যাই।’
গ্রামের বাসিন্দা কাজী আবদুল সামাদ বলেন, ‘ভাঙনের কবলে আমি ছবার বাড়ি লারা (পরিবর্তন) দিয়া উত্তর দিক থেইক্যা দক্ষিণ দিকে গেছি। ওইখানেও ড্রেজার দিয়া মাটি তুলছে। হুমকির মধ্যে বাস করতাছি।’ মুসলিম মিয়া বলেন, ‘চর ভাঙে, আমরা সরি। অন্যদিকে চর ওঠে। সেখানে যাই। সেখানেও ভাঙে, আমরা আবার সরি। এই বালুই আমাগের জীবনের কাল হইছে।’
জানতে চাইলে বালু ব্যবসায়ী উজ্জ্বল সরকার প্রথম আলোকে বলেন, ‘চরলাপাং গ্রামটি অনেক বছর আগে থেকেই ভাঙছে। তা ছাড়া আমি ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরা অংশ থেকে বালু উত্তোলন করছি।’ তবে নদীর ওই অংশে সীমানাসংক্রান্ত জটিলতা আছে বলে স্বীকার করেন তিনি।
জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল ইসলাম বলেন, শুধু ড্রেজার দিয়ে মাটি তোলার কারণেই গ্রাম ভাঙছে, এমনটি নয়। দীর্ঘদিন ধরে নদীশাসন না করাও ভাঙনের অন্যতম কারণ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে তিনি ৯ জুন এলাকাটি পরিদর্শন করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখান থেকে একটি ড্রেজার আটকও করা হয়। কিন্তু সমস্যা হলো, নদীর সীমানা স্পষ্ট নয়। সীমানা নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কয়েকটি চিঠি পাঠানো হয়েছে।