অবৈধভাবে বালু উত্তোলন, যুবলীগ নেতাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হাঙ্গর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে গতকাল সোমবার দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়ন যুবলীগ সভাপতি আজহার উদ্দিনকে (৩৫) আটক করে আট হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান। এ সময় সাতকানিয়া থানার উপপরিদর্শক সেন থোয়াইন ক্যসহ ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও ভূমি কার্যালয় সূত্র জানায়, ছদাহা ইউনিয়নের হাঙ্গর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে জড়িত ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারকে আটক করে থানায় নিয়ে আসার সময় যুবলীগের অন্য কর্মীরা ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। পরে পুলিশের সহযোগিতায় আটক আজহারকে উপজেলা ভূমি কার্যালয়ে এনে আট হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
যুবলীগের নেতা আজহার উদ্দিন তর্কের কথা অস্বীকার করলেও জরিমানা দেওয়ার বিষয় স্বীকার করেছেন।
সাতকানিয়া থানার এসআই সেন থোয়াইন ক্য বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে আসার সময় কিছু যুবক আদালত পরিচালনাকারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে আটক যুবলীগের নেতাকে ভূমি কার্যালয়ে এনে জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে যুবলীগের এক নেতাকে আটক করে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় কিছু যুবক তর্কে জড়িয়ে পড়ে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেছিলেন।