অবৈধভাবে বালু উত্তোলন, নদী ও ফসলি জমির ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের নরসুন্দা নদী থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদী এবং নদী-তীরবর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে কাজলা বগারবাইদ গ্রামের আবদুল হামিদসহ আটজন গত ১ আগস্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে উল্লেখ করা হয়, তাড়াইল উপজেলার দামিহা মৌজার হুলিয়ার হাওরে ফসলি জমিতে বাজার গড়ার জন্য তাড়াইল ও ইটনা উপজেলার কতিপয় প্রভাবশালী ব্যক্তি নরসুন্দা নদীর ৪৮৫৬ ও ৫১৪৮ দাগে (রিভিশন সার্ভে-আরএস) ড্রেজার স্থাপন করে গত মে মাস থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। ইতিমধ্যে ওই চক্র লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে নদী ও নদী-তীরবর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন করেছে। বালু উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. সামছুদ্দিন, তাড়াইল উপজেলার আনোয়ারপুর গ্রামের মানিক মিয়া, চৌগাঙ্গা গ্রামের লোকমান হেকিমসহ কয়েকজন। বাজারের জন্য নয় একর জমিতে সীমানাপ্রাচীর করে সেখানে বালু ফেলছেন তাঁরা। যদিও নির্মিতব্য এই বাজারের ৬০ গজ দূরে ইটনার চৌগাঙ্গা বাজার অবস্থিত।গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নরসুন্দা নদীতে শক্তিশালী ড্রেজার বসানো রয়েছে।ড্রেজার দিয়ে ইতিমধ্যে প্রায় ২০ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি, যাঁরা ওই কাজে জড়িত। পরিচয় প্রকাশ না করে চৌগাঙ্গা বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, মে মাস থেকে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ২৮ আগস্ট তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান ঘটনাস্থলে এসে ড্রেজার সিলগালা করে যান। যন্ত্রটি দুই দিন বন্ধ থাকার পর পুনরায় চালু করে রাতের বেলায় বালু উত্তোলন করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত ভূমির মালিক কাজলা বগারবাইদ গ্রামের আবদুল হামিদ (৫০) এই প্রতিনিধিকে বলেন, বালু উত্তোলনের কারণে নদী ক্ষতিগ্রস্ত হওয়াসহ নদীর তীরে পানির নিচে থাকা ২৬৬১ দাগের ১ একর ৪০ শতক এবং ২৬২২ দাগের ৮৮ শতক ভূমি নদীর সঙ্গে একাকার হয়ে গেছে। একই গ্রামের বাসিন্দা ভূমির মালিক রোস্তম আলী (৪৫) বলেন, ‘আমাদের ভূমি নদী-তীরবর্তী উঁচু জমি হওয়ায় বর্ষার সময় ফসল রক্ষা বাঁধ হিসেবে ব্যবহূত হতো। এখন মাটি সরিয়ে নেওয়ায় বৈশাখ-জৈষ্ঠ মাসে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মাটি কাটার স্থান দিয়ে হুলিয়ার হাওরে পানি ঢুকবে। এতে ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষতি হবে।’বালু উত্তোলনে সরাসরি জড়িত থাকার ব্যাপারে জানতে চৌগাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ওই চক্রের আরেক প্রভাবশালী সদস্য আনোয়ারপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়া (৪৮) বলেন, ‘দূর থেকে মাটি এনে আমাদের বাজারের জায়গা ভরা হচ্ছে।’ ৩০ আগস্ট থেকে রাতে ড্রেজার চালিয়ে বালু তোলার বিষয়টি তিনি অস্বীকার করেন। বালু উত্তোলনে জড়িত থাকার ব্যাপারে জানতে চাইলে চৌগাঙ্গা গ্রামের বাসিন্দা লোকমান হেকিম (৪৭) বলেন, ‘বালু উত্তোলনের কারণে ফসলি জমির যে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গা আমরা কিনে নিয়েছি।’ লোকমান হেকিমের ওই দাবি সঠিক নয় বলে জানিয়েছেন অভিযোগকারী ভূমির মালিকেরা।এ ব্যাপারে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান বলেন, ‘৩০ আগস্ট ড্রেজারচালক সোলায়মান মুচলেকা দিয়ে ড্রেজার সরিয়ে নেওয়ার অঙ্গীকার করলে সিলগালা খুলে দেওয়া হয়।’ রাতে এখনো ড্রেজার দিয়ে ওই জায়গা থেকে বালু উত্তোলনের বিষয়টি তিনি জানেন না। তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহম্মেদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী প্রভাবশালী চক্রের বিরুদ্ধে আমি জেলা উন্নয়ন সমন্বয় সভায় কথা বলেছি। আমি আবারও ঊর্ধ্বতন মহলে কথা বলব।মুঠোফোনে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়ে আমি ইউএনওকে বালু উত্তোলন বন্ধ করতে নির্দেশ দিয়েছি। এভাবে কেউ বালু তুলতে পারে না। বিষয়টি খতিয়ে দেখছি।’